|
অভয়নগরে সড়ক দূরঘটনায় তরুণের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() অভয়নগরে সড়ক দূরঘটনায় তরুণের মৃত্যু বাঁক অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। নিহত আবু বক্কর (১৮) যশোর অভয়নগর উপজেলার লেবুগাতী গ্রামের এরশাদ আলী শেখের ছেলে। এ সময় আহত হয়েছেন ওহিদুজ্জামান রাতুল (১৯)। তিনি একই গ্রামের জালাল উদ্দিন শেখের ছেলে। আবু বক্কর ও ওহিদুজ্জামান সম্পর্কে চাচাতো ভাই। প্রত্যক্ষদর্শী জানান, গতকাল রাতে আবু বক্কর ও ওহিদুজ্জামান উপজেলার নওয়াপাড়া বাজার থেকে শংকরপাশা-আমতলা সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে লেবুগাতী গ্রামের বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ওহিদুজ্জামান। সড়কের বাঁকটি অতিক্রম করার সময় হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে সাংকেতিক পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে আবু বক্কর ও ওহিদুজ্জামান রাতুল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাত ৯টার দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এ সময় আবু বক্করকে মৃত ঘোষণা করেন। ওহিদুজ্জামান রাতুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলিম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর আরোহী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান বলেন, রাত ৯টায় একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু আগেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
