সপ্তম শ্রেণীর সমাজবিজ্ঞান পুস্তকের আপত্তির বিষয়টি খতিয়ে দেখার জন্য আমি অনলাইনে এনসিটিবির ওয়েবসাইট থেকে ঐ পাঠ্যপুস্তকের পিডিএফ কপি ডাউনলোড করে পড়লাম। যে গল্পটি নিয়ে মূল আপত্তি সেই শরিফার গল্পটি বেশ কয়েকবার মনোযোগ সহকারে পড়লাম। প্রকৃতপক্ষে, এটি আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের মানুষের জীবন সংগ্রাম ও কষ্ট-বেদনার দারুন মর্মস্পর্শী গল্প। এই গল্পের মাধ্যমে সমাজের তৃতীয় লিঙ্গের মানুষের সম্পর্কে যে নেতিবাচক ধারণা ও ট্যবু রয়েছে তা উত্তরণের একটি দারুণ প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। এনসিটিবির এই উদ্যোগটি মহৎ ও প্রশংসাযোগ্য।
তবে খুব সচেতনভাবে পড়লে দেখা যায়, এই গল্পে দুইটি জায়গায় 'ট্রান্সজেন্ডার' শব্দটি ব্যবহার করা হয়েছে। প্রথমস্থানে পড়লে মনে হতে পারে, লেখক অসচেতনভাবে ট্রান্সজেন্ডার শব্দটি 'হিজড়া' বা তৃতীয় লিঙ্গের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করেছেন। যেভাবে এই দেশে অনেকে 'উপজাতি' শব্দের প্রতিশব্দ হিসেবে অসচেতনভাবে 'আদিবাসী' শব্দটি ব্যবহার করে। ভারতবর্ষে তৃতীয় লিঙ্গের মানুষকে 'হিজড়া' নামে ডাকা হয়। মূলত এই শব্দটি নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। কিন্তু দ্বিতীয় স্থানে 'ট্রান্সজেন্ডার ও হিজড়া' শব্দটি ব্যবহার করে লেখক বুঝিয়েছেন, তিনি 'ট্রান্সজেন্ডার' ও 'হিজড়া' শব্দের পার্থক্য সম্পর্কে সচেতন। এছাড়াও ওই গল্পের ভেতরে যে চারজন হিজড়া সম্প্রদায়ের মানুষের ছবি দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়েছে, তাদের মধ্যে তিনজনের ব্যাপারে আমি গণমাধ্যমে পাওয়া বিভিন্ন প্রতিবেদন পরীক্ষা করে দেখেছি। তারা মূলত হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ। তারা কেউ ট্রান্সজেন্ডার নয়। একমাত্র বিপুল বর্মনকে আমি ফাইন্ডআউট করতে পারিনি। ফলে তার সম্পর্কে কোন ধারণা দিতে পারছি না। তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার সম্পর্কে আমি নিজেও কয়েকদিন আগে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি দীর্ঘ লেখা লিখেছিলাম। (দেখতে পারেন - https://shorturl.at/cADHZ) কাজেই এনসিটিবির এই প্রচেষ্টা আমার কাছ থেকে উষ্ণ অভিনন্দনযোগ্য।
প্রশ্ন হল, প্রতিবাদকারীদের আপত্তির কারণ কি? বিশেষ করে, দেশের তৌহিদী জনতা যে আপত্তি করছে, তার যৌক্তিকতা কি? এই দেশের তৌহিদী জনতা কি তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার ও স্বীকৃতি দিতে চায় না? তৃতীয় লিঙ্গের মানুষের জন্য কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনা হচ্ছে যেদেশের রাজধানীতে, সেখানে এরকম ধারণা যৌক্তিকভাবে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাহলে আপত্তির কারণ কি?
পুরো গল্পে এই 'ট্রান্সজেন্ডার' শব্দটির ব্যবহারই যত বিরোধ ও আপত্তির মূল কেন্দ্র। এই 'ট্রান্সজেন্ডার' শব্দটি ব্যবহার না করলে এই গল্প নিয়ে কারো কোন আপত্তি থাকতো না- এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কেননা বাংলাদেশ সরকার যখন তৃতীয় লিঙ্গের মানুষদের স্বীকৃতি দিয়েছে তখন কিন্তু কেউ এর বিরোধিতা করেনি। বরং সবাই সমর্থন করেছে। এই সমাজের ঋতুর মত একজন তৃতীয় লিঙ্গের মানুষ সরকারি দলের প্রার্থীকে পরাজিত করে জনগণের ভোটে চেয়ারম্যান হয়েছে, একজন সংসদ সদস্য নির্বাচন করেছেন। এই নিয়ে কোথাও প্রতিবাদ, উচ্চবাচ্য, বয়কট হয়নি তো। তাই এই আপত্তির কারণ বুঝতে হলে, সেক্স ও জেন্ডার শব্দের পার্থক্য জানা জরুরী। একই সাথে ইন্টার সেক্স, ট্রান্সজেন্ডার, ট্রান্সসেক্স, হোমো সেক্স ও বাইসেক্স শব্দগুলোর সঠিক সংজ্ঞা ও পার্থক্য জানা জরুরী। হিজড়া ও রূপান্তরকামী লিঙ্গের মানুষের পার্থক্য জানা জরুরী। এবং এগুলোর ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি জানতে পারলে এই বিরোধের মূলে পৌঁছানো যাবে।
রিল, শটস ও টি-টুয়েন্টির যুগে মানুষের দীর্ঘ লেখা পড়ার ধৈর্য্য খুব একটা থাকার কথা নয়, তাই এই সমস্ত সংজ্ঞা বা ডেফিনেশন এবং ডিফারেন্সগুলো আগ্রহী পাঠকগণ গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। তবুও লেখার প্রয়োজনে খুব সংক্ষেপে এবং সহজবোধ্য ভাষায় যদি বলতে হয় তাহলে বলা যায়, মানুষ যে লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে সেটি তার সেক্স এবং মানুষ যে পরিচয়ে নিজের পরিচয় দিতে পছন্দ করে সেটি তার জেন্ডার। আমাদের সমাজে প্রাকৃতিকভাবে নারী ও পুরুষ নামক দুইটি সেক্সের মানুষ জন্মগ্রহণ করে। এছাড়াও কিছু মানুষ জন্মায় যাদের সেক্স নির্ধারিত নয় তাদেরকে বলা হয় ইন্টার সেক্স বা তৃতীয় লিঙ্গ। অনেক শিশু আবার নারী বা পুরুষ হিসেবে জন্ম নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করলেও বয়স বাড়ার সাথে সাথে বোঝা যায়, তার সেক্স নির্ধারিত নয়। এদেরকেও বলা হয় ইন্টার সেক্স। ভারতীয় উপমহাদেশে এদেরকে হিজড়া নামে ডাকা হয়। এছাড়াও কিছু মানুষ থাকে, যারা নারী বা পুরুষ সেক্স এর অধিকারী হওয়ার পরেও নিজেদেরকে বিপরীত সেক্সের পরিচয় পরিচিত করাতে আগ্রহী হয় তাদেরকে বলা হয় ট্রান্সজেন্ডার। এছাড়াও কিছু মানুষ মেডিকেলি তাদের সেক্স পরিবর্তন করে, এদেরকে বলা হয় ট্রান্স সেক্স। কিছু মানুষ আবার একই সেক্সের মানুষের প্রতি যৌন আগ্রহী হয়, তাদেরকে বলা হয় হোমো সেক্স। কিছু মানুষ আবার একই সাথে সম লিঙ্গ ও বিপরীত লিঙ্গের প্রতি যৌন আগ্রহী হয়, তাদেরকে বলা হয় বাই সেক্স। এদের ভিতর আবার নানা বিভাগ আছে। যেমন লেসবিয়ান, গে প্রভৃতি। তবে এক কথায় এদেরকে বলা হয়, এলজিবিটি (LGBT)।
পূর্বেই বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশে তৃতীয় লিঙ্গের মানুষদের 'হিজড়া' নামে ডাকা হয়। এগুলো প্রাকৃতিক বা মহান আল্লাহর সৃষ্টি। এদের সম্পর্কে ইসলামে কোন নেতিবাচক ধারণা প্রদান করা হয়নি। কিন্তু মেডিকেলি বা অন্য কোনভাবে মানুষের জন্মগত সেক্স পরিবর্তন বা পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ ইসলামে সম্পূর্ণ হারাম। যেমন হারাম সম লিঙ্গ বা উভয় লিঙ্গের মানুষের সাথে যৌন সম্পর্ক স্থাপন বা স্থাপনের আগ্রহ। শুধু তাই নয়, একলিঙ্গের মানুষের অন্য লিঙ্গের পোশাক ও অলংকার পরিধান, আচরণ করা, এমনকি অভিনয় পর্যন্ত ইসলামে হারাম। আপত্তিটা এখান থেকে শুরু। কেননা এই দেশের শতকরা ৯০ ভাগ জনগণ মুসলিম। স্বাভাবিকভাবেই তারা জাতীয় পাঠ্যপুস্তকে ইসলামের সাথে সংঘর্ষিক কোন বিষয়ে গ্রহণ করবে না।
পাঠ্যপুস্তকের উল্লিখিত গল্পে লেখক সুপরিকল্পিতভাবে তৃতীয় লিঙ্গ বা হিজড়াদের জীবন সংগ্রাম, দুঃখ-কষ্ট ও তাদের অধিকার এবং স্বীকৃতির সুন্দর একটি গল্পের মধ্যে অত্যন্ত সুক্ষ্ণপরিকল্পিতভাবে 'ট্রান্সজেন্ডার' শব্দটি প্রবেশ করিয়ে মূলত আমাদের সমাজে ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীদের বৈধতা দেয়ার চেষ্টা হয়েছে বলে প্রতিবাদকারীদের দাবি। আমাদের সমাজে বা রাষ্ট্রে এলজিবিটি আন্দোলনকে বৈধতা দেয়ার একটা চেষ্টা একটি গোষ্ঠীর পক্ষ থেকে অনেকদিন ধরেই চলে আসছে। এটা তারই অংশ হতে পারে- এ সংশয় অযৌক্তিক নয়। আমি মনে করি, এই দাবি যৌক্তিক। হতে পারে এনসিটিবির সম্পাদকমন্ডলীরও বিষয়টি সচেতনতার অভাবে দৃষ্টি এড়িয়ে গেছে। যেটা তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ক্ষেত্রে হয়েছিল বলে অনেকেই মনে করেন । জাতীয় পাঠ্যপুস্তকের মত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এই ধরনের অবহেলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। যদি এমনটি হয়ে থাকে তাহলে উল্লিখিত গল্পের লেখক ও সম্পাদক মন্ডলীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও দায়িত্বে অবহেলার কারণে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি। তবে এনসিটিবির সাথে আমার নিজের দুই বছরের কাজ করার অভিজ্ঞতা এবং দীর্ঘদিন ধরে এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে এটা নিশ্চিত করে বলা যায়, এনসিটিবির সাথে একটি চক্র (ভেতরে ও বাইরে) পরিকল্পিতভাবে জড়িয়ে রয়েছে, যারা আমাদের পাঠ্যপুস্তককে ডি ইসলামাইজেশন করাতে চায়। ইসলামের পজেটিভ বিষয়গুলো কমিয়ে এনে নিষিদ্ধ ও বিতর্কিত বিষয়গুলো প্রবেশ করাতে অত্যন্ত সুক্ষ্ণপরিকল্পিত ও সুক্ষ্ণচিন্তিতভাবে কাজ করছে। এদেরকে চিহ্নিত করা জরুরী। এদেরকে সামাজিকভাবে বয়কট ও রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ জরুরী।
এই লেখার শেষে আমি একথা বলতেও কুন্ঠিত নই যে, আজকে যে জনতা পাঠ্যপুস্তকে 'ট্রান্সজেন্ডার' শব্দটির বিরুদ্ধে যৌক্তিকভাবে প্রতিবাদ করছে, তারা যদি একইভাবে মাদ্রাসা সেক্টরে শিশুদের প্রতি শারীরিক ও যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী হতো তাহলে ওই সেক্টরেও ইতিবাচক পরিবর্তন ঘটতে বাধ্য হতো এবং এটা অত্যন্ত জরুরী। যারা নিজেরা কওমে লুত ও এর পরিণতি, শাস্তি সম্পর্কে পড়েছে, পড়ায় ও বয়ান করে, তাদের কাছ থেকে কওমে লুতের মত আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ইতোপূর্বে এ বিষয়ে আমি অনেকবার লিখেছি।