ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
তুরস্কের জলবায়ু সম্মেলন: প্রধানমন্ত্রী কী নিয়ে ফিরলেন?
নাজমুল হক শ্যামল
প্রকাশ: Saturday, 14 November, 2026, 8:29 PM

তুরস্কের জলবায়ু সম্মেলন: প্রধানমন্ত্রী কী নিয়ে ফিরলেন?

তুরস্কের জলবায়ু সম্মেলন: প্রধানমন্ত্রী কী নিয়ে ফিরলেন?

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন 'কপ-৩১' এর আনুষ্ঠানিকতা এখনো শেষ হয়নি, আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে দর-কষাকষির মূল পর্ব। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে এসেছেন। সংবাদমাধ্যমের খবর মতে জানা গেছে—চার বিশ্বনেতার সঙ্গে বৈঠক, নৈশভোজে অংশগ্রহণ, পাঁচ দফা প্রস্তাব পেশ, আর পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা। কিন্তু দেশের উপকূল, হাওর আর চরাঞ্চলের যে মানুষগুলো প্রতিবছর জলবায়ুর করাল গ্রাসে সর্বস্ব হারাচ্ছে, তাদের মনে আজ একটাই প্রশ্ন—এই জাঁকজমকপূর্ণ সফর শেষে বাংলাদেশ আসলে কী নিয়ে ফিরল?

প্রতিবছর কপ সম্মেলন এলেই আমাদের নীতিনির্ধারকদের মধ্যে এক ধরনের চিরাচরিত উৎসবমুখর তোড়জোড় দেখা যায়।  বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আমরা আমাদের চেনা কথাই বলেছি—বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের দায় ০.৫ শতাংশেরও কম, অথচ জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিবছর আমাদের প্রায় ১৫.২ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। বার্ষিক ১০ থেকে ১১ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের প্রয়োজনের বিপরীতে আমরা নিজস্ব বাজেট থেকে খরচ করছি ৪.৫ থেকে ৫ বিলিয়ন ডলার। এই পরিসংখ্যানগুলো নতুন নয়, বরং প্রতিবছরই একই কথাই বলা হয়। প্রশ্ন হলো, এই করুণ চিত্র তুলে ধরে ধনী দেশগুলোর কাছ থেকে আমরা ন্যায্য হিস্যা আদায় করতে পারছি কি?

আন্তালিয়ার মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন, অভিযোজনে অন্তত ৫০ শতাংশ বরাদ্দ এবং ঋণ মওকুফের (ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ) মতো যৌক্তিক দাবি তুলেছেন। পরিবেশমন্ত্রী ১.৮৫ বিলিয়ন ডলারের একটি বিনিয়োগ রোডম্যাপও উপস্থাপন করেছেন। কিন্তু বাস্তবতা কী বলছে? ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস থেকে প্রথম পাঁচটি দেশের একটি হিসেবে বাংলাদেশের মাত্র ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। যেখানে আমাদের বার্ষিক চাহিদা ১১ বিলিয়ন ডলার আর ক্ষতির পরিমাণ ১৫ বিলিয়ন ডলারের বেশি, সেখানে ৩০ মিলিয়ন ডলারের আশ্বাস কি সাগরে এক ফোঁটা জলের শামিল নয়?

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে জলবায়ু সম্মেলনে দর-কষাকষির সুযোগ বাংলাদেশের হাতে আর মাত্র কয়েক বছর আছে। উত্তরণের পর সহজ শর্তের অর্থায়ন ও নানা সুবিধা সংকুচিত হয়ে আসবে। এমন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের কূটনীতি হওয়া উচিত অত্যন্ত আক্রমণাত্মক, কৌশলী এবং ফলাফলমুখী। কেবল উচ্চপর্যায়ের ভাষণে নৈতিকতার সবক দিয়ে কিংবা দ্বিপাক্ষিক বৈঠকে জলবায়ু তহবিলের তালা খোলা যাবেনা না। সম্মেলনের মূল দর-কষাকষি বা নেগোসিয়েশন টেবিলের লড়াই শুরু হয়েছে কেবল। সরকারপ্রধানের প্রস্থানের পর আমাদের প্রতিনিধি দল দ্বিতীয় সপ্তাহের এই কঠিন লড়াইয়ে কতটুকু চাপ সৃষ্টি করতে পারবে, এখন তা খোর বিষয়।

আরেকটি তিক্ত সত্য হলো, আন্তর্জাতিক মঞ্চে আমরা যতটা উচ্চকণ্ঠ, দেশের ভেতরে পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় আমাদের অবস্থান ঠিক ততটাই নড়বড়ে। একদিকে বিশ্বনেতাদের সামনে আমরা সবুজ অর্থনীতি আর ২৫ কোটি গাছ লাগানোর স্বপ্ন দেখাচ্ছি, অন্যদিকে দেশের ভেতরে নদী দখল, বন উজাড় এবং অপরিকল্পিত শিল্পায়ন থামছে না। জলবায়ু তহবিলের অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব নিয়েও দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। দেশে নিজেরা পরিবেশ ধ্বংস করে বিদেশের মাটিতে জলবায়ু ন্যায়বিচারের দাবি তুললে তা আন্তর্জাতিক মহলে কতটা বিশ্বাসযোগ্যতা পায়না।

কপ সম্মেলন কোনো দাতাদের চেক বিতরণের আসর নয়, এটি নীতি ও অধিকার আদায়ের রণক্ষেত্র। আন্তালিয়া থেকে কেবল কিছু ভালো ভালো প্রতিশ্রুতি, অস্পষ্ট রোডম্যাপ আর কূটনৈতিক সৌজন্যের গল্প নিয়ে ফিরলে চলবে না। সম্মেলন শেষে সরকারকে জাতির সামনে স্পষ্ট হিসাব দিতে হবে—আমাদের পাঁচ দফা প্রস্তাবের কয়টি চূড়ান্ত ঘোষণাপত্রে ঠাঁই পেল, ঋণের ফাঁদ এড়িয়ে কতটুকু অনুদান নিশ্চিত হলো, আর ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রকৃত অর্থে কী বরাদ্দ এলো। কথার ফুলঝুরি আর সফরনামার বাইরে প্রকৃত অর্জন শূন্য হলে, ইতিহাসের পাতায় কপ-৩১ বাংলাদেশের জন্য অতীতের মত আরেকটি ব্যয়বহুল ও নিষ্ফল আনুষ্ঠানিকতা হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status