এক মাসে গুলশানে ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করেছে ৩ লাখ গাড়ি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 July, 2023, 3:26 PM
এক মাসে গুলশানে ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করেছে ৩ লাখ গাড়ি
রাজধানীর গুলশান-২ এলাকায় গত এক মাসে তিন লাখ গাড়ি ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করেছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
গত বৃহস্পতিবার (৬ জুলাই) নগর ভবনে একটি ফার্স্ট রোড সেফটি মিডিয়া ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তরের মেয়র এ তথ্য জানান। ব্লুমবার্গ ফিলানথ্রোপিজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) এ ওয়ার্কশপের আয়োজন করে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘গুলশান-২ ইন্টারসেকশনে ট্রায়াল বেসিসে এআইয়ের মাধ্যমে গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা গত এক মাস এ এলাকার গাড়ি চলাচল পর্যবেক্ষণ করে যেটা পেয়েছি, সেটা ভয়াবহ।’
মেয়র আতিক বলেন, ‘আমরা আগামী ১১ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের এ তথ্য উপস্থাপন করব। এরই প্রেক্ষিতে মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলে ডিএমপি ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে গুলশানে এআইভিত্তিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হবে।’