|
পর্দা উঠল বিশ্বকাপের
নতুন সময় ডেস্ক
|
![]() পর্দা উঠল বিশ্বকাপের মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায় ৪৩ মিনিটে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান, প্রথম পর্ব চলে ১৫ মিনিটের মতো। মেক্সিকান পপ রক ব্যান্ড মানার গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর গাইতে আসেন ভেনেজুয়েলার জাস্টিন বিবার নামে পরিচিত গায়ক ও গীতিকার ড্যানি ওশান। ঐতিহ্যবাহী মেক্সিকান পোশাকে সজ্জিত শিল্পীদের সঙ্গে গাইতে দেখা যায় তাকে। জে বালভিন, বেলিন্দার গানের পর সবশেষে আসেন শাকিরা, যে তারকা শিল্পী ১৬ বছর আগের বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে বিশ্বজুড়ে ঝড় তুলেছিলেন। এবারের বিশ্বকাপে অফিশিয়াল গান ‘দাই দাই’ (লেটস গো) গান গাইতে দেখা যায় শাকিরাকে, তার সঙ্গে যোগ দেন নাইজেরিয়ান গায়ক বার্না বয়। শাকিরার গানের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর ওয়ার্মআপ করতে দেখা যায় উদ্বোধনী ম্যাচের দুই দল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের। ম্যাচের আগে শুরু হয় আরেকটি অনুষ্ঠান। সেখানে শুরুতে কথা বলেন বিখ্যাত অভিনেত্রী ও বিশ্বকাপ অ্যাম্বাসেডর সালমা হায়েক। এরপর অংশগ্রহণকারী ৪৮টি দলের পতাকা হাতে মাঠে আসেন একজন করে। সব শেষে সালমা হায়েকের সঙ্গে বিশ্বকাপের উদ্বোধন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আতশবাজির শব্দ আর নানা রংয়ের আলোয় মুখরিত হয় চারপাশ। এই প্রথম বিশ্বকাপ হচ্ছে যৌথভাবে তিন দেশে, প্রথমবারের মতো উদ্বোধনী অনুষ্ঠানও হবে তিন দেশেই। শুক্রবার হবে কানাডায়, একই দিন যুক্তরাষ্ট্রে। এই বিশ্বকাপ ঘিরে বিতর্কও অনেক। মাঠের ফুটবল ছাপিয়ে বাইরের নানা বিতর্ক দানবীয় আকৃতির এই বিশ্বকাপটিকে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত আসরগুলোর একটিতেও পরিণত করেছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা, যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ নিয়ে ক্ষোভ ও টিকেটের আকাশচুম্বী দাম বড় বিষয় হয়ে উঠেছে। মেক্সিকোতেও নানা কারণে দানা বেঁধেছে ক্ষোভ। উদ্বোধনী অনুষ্ঠানের আগে শিক্ষকদের সংগঠন থেকে শুরু করে মাদকবিরোধী অভিযানে নিখোঁজদের পরিবারসহ বিভিন্ন গোষ্ঠী তাদের দাবি আদায়ের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টায় মিছিল করেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
