ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 January, 2023, 12:42 PM

পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন বছরের প্রথম দিন রোববার (১ জানুয়ারি)পূর্বাচলে স্থায়ী এক্সিবিশন সেন্টারে দ্বিতীয়বারের মতো এ মেলা শুরু হলো।

মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা দুর্নীতি করতে আসিনি; দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি। বাবা-মা পরিবার হারিয়ে এদেশে দুর্নীতি করতে ফিরে আসিনি। সব হারিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে এসেছি। ২১ বছর পর ক্ষমতায় আসার পর আমাদের সরকারের একটি নীতিমালা ছিল ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করা সেটাই করেছি।’

এর আগে, শনিবার (৩১ ডিসেম্বর) পূর্বাচল নতুন শহরের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বাণিজ্যমেলার উদ্বোধন করবেন।

তিনি বলেন, মেলায় যাতায়াতে যাতে কোনো ধরনের নিরাপত্তার ব্যাঘাত না ঘটে, সেজন্য পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া যাতায়াতের সুবিধার জন্য গত বছরের মতো শাটল সার্ভিসের ব্যবস্থা থাকবে। কুড়িল বিশ্ব রোড থেকে এক্সিবিশন সেন্টার পর্যন্ত প্রাথমিকভাবে ৭০টি বিআরটিসি বাস চলাচল করবে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

বাসের ভাড়া ৩৫ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, মেলা চলাকালীন বাসগুলো চলাচল করবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন মেলা রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

এ বছর মেলার প্রবেশপথ বা গেটের ইজারা পেয়েছে স্থানীয় রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়ার প্রতিষ্ঠান আবদুল্লাহ অ্যান্ড সন্স। ৪ কোটি ৩২ লাখ টাকায় গেটের ইজারা নিয়েছে প্রতিষ্ঠানটি। গত বছর মীর ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান ইজারা নিয়েছিল। এবার মেলায় প্রবেশ ফি ধরা হয়েছে গত বছরের মতোই, বড়দের ৪০ টাকা আর শিশুদের জন্য ২০ টাকা। তবে মেলার টিকিট অনলাইনে কিনলে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ থাকবে। মেলায় প্রায় এক হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

বাণিজ্য মেলার পরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী জানান, এবারের মেলায় ৩৩১টি স্টলের মধ্যে ৫৭টি প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন। মেলায় সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, তুরস্ক, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়াসহ ১০টি দেশের ১৭টি স্টল থাকবে।

ইপিবি জানায়, গত বছরের চেয়ে এ বছর মেলায় স্টল সংখ্যা ১২৬টি বেড়েছে। এসব স্টলকে বরাদ্দ দেওয়া হয়েছে ১৪ হাজার ৩৬৬ বর্গমিটার আয়তনের দুটি হলে। আর কমপ্লেক্সের বাইরেও রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের বেশ কিছু প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন।

রাজধানীর শেরেবাংলা নগর থেকে সরিয়ে গত বছর প্রথমবারের মতো পূর্বাচলে বাণিজ্য মেলার আয়োজন করে ইপিবি। সে সময় ৩০০ ফুট সড়কের নির্মাণকাজ চলতে থাকায় ক্রেতা-দর্শনার্থীদের বেশ ভোগান্তিতে পড়তে হয়। এবার সে ধরনের ভোগান্তি হবে না বলে জানান ইপিবি সচিব ইফতেখার আহমেদ।

ইফতেখার আহমেদ আরও বলেন, ‘৩০০ ফুট সড়ক এখন যাতায়াতের জন্য প্রস্তুত হয়েছে। ধুলাবালুও কমেছে। এ ছাড়া মেলাপ্রাঙ্গণের সামনের সড়কও সংস্কার করা হয়েছে। মানুষের যাতায়াতের জন্য কুড়িল বিশ্বরোড এলাকা থেকে সাধারণ দিনে অন্তত ৫০টি ও ছুটির দিনে দেড় শতাধিক বিআরটিসি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে দর্শনার্থীদের ভোগান্তি হবে না আশা করছি। এ ছাড়া সাধারণ মানুষের সুবিধার জন্য ফুড কোর্ট বা খাবারের দোকান বিবিসিএফইসি ভবনের বাইরে রাখা হয়েছে। সঙ্গে শিশুদের খেলাধুলার জন্য আলাদা জায়গাও রাখা হয়েছে।’    

ইপিবি জানায়, গত বছর বাণিজ্য মেলায় ১ কোটি ৬০ লাখ ডলারের পণ্য রপ্তানির আদেশ মিলেছিল। আর আনুমানিক ৮০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে সে সময়। এ ছাড়া মেলায় ভ্যাট আদায় হয়েছিল ১ কোটি ৫০ লাখ টাকার মতো। অন্যদিকে গত বছর প্রায় সাড়ে ৯ লাখ ক্রেতা-দর্শনার্থীর সমাগম ঘটেছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status