|
আবারও বাংলাদেশে মিয়ানমারের ছোড়া ২ মর্টার শেল
নতুন সময় ডেস্ক
|
![]() আবারও বাংলাদেশে মিয়ানমারের ছোড়া ২ মর্টার শেল স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে তুমব্রু সীমান্তের রেজু আমতলী বিজিবি বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৪০ ও ৪১ নম্বরের মাঝামাঝি স্থানে ওপারে মিয়ানমারের সেনাবাহিনী দুটি যুদ্ধবিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টার টহল দেয়। টহলের সময় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে প্রায় ৮ থেকে ১০টি গোলা আর হেলিকপ্টার থেকে গুলি ছুড়তে দেখা যায়। এসময় দুটি গোলা ৪০ নম্বর সীমান্ত পিলার বরাবর আনুমানিক ১২০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে। তবে এতে কোনো প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত রবিবার মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল বান্দরবান সীমান্তের ঘুমধুম এলাকার জনবসতিতে পড়ে। সেগুলো বিস্ফোরিত হয়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরদিন সোমবার ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে কড়া প্রতিবাদ জানায় ঢাকা। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ বিষয়ে বলেন, ‘মর্টার শেলগুলো হঠাৎ করে চলে এসেছে। তাদেরকে (মিয়ানমার) আমরা জিজ্ঞেস করেছি, তারা ভবিষ্যতে সতর্ক থাকবে বলেছে।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
