|
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি গয়না চুরি
নতুন সময় প্রতিবেদক
|
![]() ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি গয়না চুরি এ ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের ‘যোগসাজশ থাকার’ সন্দেহ করছে দোকান কর্তৃপক্ষ; চুরির আগে দোকানের কয়েকজন নিরাপত্তাকর্মীকে ‘মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়েছিল’ বলেও অভিযোগ তাদের। শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার ওই শপিং মলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে বলে ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানিয়েছেন। পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, “আনুমানিক দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এর মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার গয়না রয়েছে। এ ছাড়া দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে চোরেরা।” ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, “আমরা কাজ করছি। জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।” ধানমন্ডি থানার এক কর্মকর্তা বলেন, মার্কেটের দুই নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, ঘটনার পর থেকে কয়েকজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের একজন জুয়েলার্সের নিজস্ব এবং দুজন মার্কেটের। দোকানের অন্য নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাইয়ে’ অচেতন করা করা হয়ে থাকতে পারে। সঞ্জীব শীল বলেন, “সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে চুরি করতে দেখা গেছে। এ ছাড়া সেখানে আরও দুজন অপরিচিত লোকের উপস্থিতি ছিল। ফুটেজে দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করেছেন। ভেতরে ঢোকার পর তাদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন।” ঘটনায় জড়িত এক নিরাপত্তাকর্মীর পরিচয়পত্র উদ্ধার করে তদন্তকারী দলের কাছে দেওয়া হয়েছে বলেও জানান সঞ্জীব। শনিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। সেখানে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আলামত সংগ্রহ করছে। পুরবী জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ বলেন, কয়েক বছর আগে একইভাবে চুরির চেষ্টা হয়েছিল। তখন নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়েছিল। একজন অচেতন হয়ে পড়ার পর মালিক বিষয়টি টের পান। তাই সেবার আর চুরি করতে পারেনি।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
