ফেসবুক পেজ থেকে বাংলাদেশের পতাকা নামালো পাকিস্তান হাইকমিশন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 24 July, 2022, 2:26 PM
ফেসবুক পেজ থেকে বাংলাদেশের পতাকা নামালো পাকিস্তান হাইকমিশন
আপত্তির মুখে নিজেদের ফেসবুক পেজ থেকে তাদের জাতীয় পতাকার সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা জুড়ে দেওয়া ছবিটি সরিয়ে নিয়েছে ঢাকায় পাকিস্তানের হাইকমিশন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তির পর রোববার ছবিটি সরানো হয়েছে।
বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে প্রকাশিত সেই ছবিটি পছন্দ হয়নি বলে মন্তব্য করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
২৬ জুলাই অনুষ্ঠেয় ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে একে আবদুল মোমেন বলেছিলেন, ‘আমরা তাদের (পাকিস্তান) বলেছি— এটা আমাদের পছন্দ নয়। তবে তারা জানিয়েছেন, তারা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই ছবি প্রকাশ করেনি।
প্রসঙ্গত, ঢাকার পাকিস্তান হাইকমিশন গত বৃহস্পতিবার তাদের ফেসবুক পেজের কাভার ফটো হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা আপলোড করে। সেখানে গ্রাফিকস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়। এর পর থেকেই সামাজিকমাধ্যমে তোলপাড় শুরু হয়।
বাংলাদেশের পতাকা বিকৃতির অভিযোগ আনেন অনেকে। গত শনিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার পাকিস্তান হাইকমিশনকে সেই ছবি নামিয়ে ফেলতে বলে।