যশোরের মনিরামপুরে যুদ্ধাপরাধী মামলার পলাতক আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১ এ যুদ্ধাপরাধীর মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতার ফজর আলী উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে। ফজর আলী মনিরামপুরের গোবিন্দপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত থেকে অবসরে যান। যুদ্ধাপরাধীর মামলা হলে তিনি আত্মগোপনে চলে যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশের একটি দল ফজর আলীর বড় জামাতা আকতারুল ইসলামের বাড়ি একই উপজেলার টেংরামারি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে এএসআই সোহেল রানা পারভেজ জানান, বহুদিন ধরে ফজর আলীকে আটকের চেষ্টা চলছিল। কিন্তু বিভিন্ন সময় জায়গা পরিবর্তন করায় তাকে গ্রেফতার করা যাচ্ছিল না। অবশেষে এদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফজর আলীকে গ্রেফতার করা হয়।