গৃহবধূকে ধর্ষন থেকে উদ্ধার করা সেই রিকশাচালক পুরস্কৃত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 July, 2022, 7:43 PM
গৃহবধূকে ধর্ষন থেকে উদ্ধার করা সেই রিকশাচালক পুরস্কৃত
চট্টগ্রাম নগরের খুলশী থানার জিইসি এলাকায় গৃহবধূকে ছয় যুবক মিলে ধর্ষণের খবর জাতীয় জরুরি সেবা নম্বরের (৯৯৯) মাধ্যমে খুলশী থানাকে জানিয়েছিলেন রিকশাচালক মো. আব্দুল হান্নান। তার তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার ও ঘটনাস্থল থেকে তিন ধর্ষণকারীকে গ্রেফতার করেছিল।
বুধবার (২০ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কার্যালয়ে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় রিকশাচালক মো.আব্দুল হান্নানের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. আমির জাফর ও উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান।
রোববার (১৭ জুলাই) দিনগত রাত ১টায় রিকশায় জিইসি এলাকার সাদিয়াস কিচেনের সামনে থেকে ষোলশহরে দিকে যাচ্ছিলেন ওই গৃহবধূ। এ সময় ৩ যুবক রিকশার গতিরোধ করে ফ্লাইওভারের নিচের একটি অস্থায়ী টং ঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে ৬ জন ধর্ষণ করে। গৃহবধূর চিৎকার শুনে রিকশাচালক জাতীয় জরুরি সেবার নম্বরে (৯৯৯) ফোন করে পুলিশ পাঠানোর অনুরোধ করেন। ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে গৃহবধূকে উদ্বার করে। ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়।