স্বাধীনতার পর সবচেয়ে বড় বিপদের মধ্যে পড়েছে শ্রীলঙ্কা। দেশের মানুষের জীবন দ্রুত অরক্ষিত হয়ে পড়ছে। হাসপাতালগুলোতে হৃদরোগ, জলাতঙ্ক ও ডায়াবেটিস ও অ্যান্টিভেনমের ওষুধ ফুরিয়ে আসছে।
বিশ্বব্যাংকের পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে এই দেশটির শ্রমশক্তির প্রায় ৭০ শতাংশই অনানুষ্ঠানিক খাতের কর্মী।
বিজ্ঞাপন চা, রাবার ও নারকেল আবাদে নিয়োজিত শ্রমিকদের পাশাপাশি দেশের শহরাঞ্চলে নির্মাণশিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা এর মধ্যে রয়েছে। সিলোন ওয়ার্কার্স কংগ্রেসের মতে, যদি কাজ পায়, তাহলে একজন শ্রমিককে মাসে ২০ দিন কাজের জন্য প্রতিদিন এক হাজার লঙ্কান রুপি মজুরি দেওয়া হয়।
বর্তমান বাজারদর অনুযায়ী, শ্রীলঙ্কায় চারজনের একটি পরিবার যদি প্রতিদিন দুবেলা সন্তোষজনক খাবার খেতে চায়, তাহলে মাসে অন্তত ৩০ হাজার রুপির প্রয়োজন। সুতরাং এটা সুস্পষ্ট যে দেশের বেশির ভাগ পরিবার তাদের বাচ্চাদের প্রতিদিন দুবেলা সন্তোষজনক খাবার দিতে পারছে না। এই পরিস্থিতিতে চিকিৎসা ব্যয় এবং শিক্ষা, ভ্রমণ, পোশাক বা বিনোদনের চাহিদা মেটানো তাদের পক্ষে সম্ভব হয় না।
সম্প্রতি শ্রীলঙ্কার পার্লামেন্টে বিতর্ক চলাকালে এমপি বাসুদেব নানায়াক্কারা দাবি করেন, দেশের জনসংখ্যার ৬০ শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে। এটা ভয়াবহ মনে হলেও খাদ্য সরবরাহ কমে যাওয়ায় সত্য বলেই মনে হচ্ছে। কারণ সব ধরনের পণ্যের দামই এখন বেশির ভাগ মানুষের নাগালের বাইরে। এ ছাড়া খাবার তৈরির জন্য প্রয়োজনীয় গ্যাসও পাওয়া যাচ্ছে না।
এই মুহূর্তে শ্রীলঙ্কার নাগরিকদের বেশির ভাগই তাদের বেঁচে থাকার লড়াই করছে। এই লড়াই শুধু দরিদ্রদেরই নয়, তাদের কাতারে যুক্ত হচ্ছে মধ্যবিত্ত শ্রেণিও। এই সংখ্যা দিন দিন বাড়ছে। দ্রুতই জ্বালানি সহজলভ্য হচ্ছে না এবং রান্নার গ্যাসের মজুদও সম্পূর্ণভাবে ফুরিয়ে যাচ্ছে। এর ফলে এই দুর্দশা আরো বাড়বে। এই সব কিছুর মধ্যেই দেশের মানুষ প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুিবচ্ছিন্ন অবস্থায় থাকে। সুতরাং এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ও তার মন্ত্রিসভার পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে, তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে এই স্বতঃস্ফূর্ততায় দিকনির্দেশনার অভাব রয়েছে।
চলমান ঘটনাপ্রবাহের একটি দুর্ভাগ্যজনক মোড় হচ্ছে শ্রীলঙ্কার বিরোধী রাজনৈতিকরা এখনো বিভক্ত। আবার রাস্তায় প্রদর্শিত বিক্ষোভকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিতেও তারা অক্ষম। প্রধান বিরোধী দল জোর দিয়ে বলেছে যে কোনো অন্তর্বর্তীকালীন পদক্ষেপ বিবেচনা করার আগে প্রেসিডেন্টকে অবশ্যই পদত্যাগ করতে হবে। তাদের পক্ষ থেকে প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা ভোটের দাবিও জানানো হয়েছে।
যেসব রাজনৈতিক দল সরকারের সঙ্গে জোট বেঁধেছিল, সম্প্রতি তারা সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু তারা প্রেসিডেন্টের অপসারণেরও বিরোধী। তারা একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনের জন্য আহ্বান জানিয়েছে, কিন্তু কোনো সময়সীমা প্রস্তাব করেনি। বিরোধীদের মধ্যে জেভিপি এর মধ্যে প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য একটি প্রস্তাব আনার আহ্বান জানিয়েছে। দুই-তৃতীয়াংশ আইন প্রণেতা এই প্রস্তাবে স্বাক্ষর না করলে স্পিকারের পক্ষে তা গ্রহণ করা অসম্ভব এবং অনেকেই প্রয়াত প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার বিরুদ্ধে আনা সর্বশেষ অনাস্থা প্রস্তাবের ব্যর্থতার কথা মনে রাখছেন।
পরিতাপের বিষয় হচ্ছে, এই রাজনৈতিক দলগুলোর কেউই সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম ও তামিল রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের সঙ্গে কোনো আন্তরিক আলোচনা করেনি। ফলে দুই দিন আগে এই রাজনৈতিক গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত নন এমন একজন বহিরাগত অধিকারকর্মী বর্তমান রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার উপায় খোঁজার জন্য সংখ্যালঘু সম্প্রদায়গুলোকে মূলধারার আলোচনায় নিয়ে আসেন।
তবে আশঙ্কার বিষয় হচ্ছে বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই, বিশেষ করে প্রাপ্তবয়স্ক তরুণরা দলীয় রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি আস্থা হারাচ্ছেন। তাদের মধ্যে (প্রাপ্তবয়স্ক তরুণদের অংশ) একটি বিশ্বাস গড়ে উঠছে যে দলভিত্তিক রাজনৈতিক বিরোধীরা ক্রমবর্ধমান অস্থিরতাকে ক্ষমতায় যাওয়ার উপায় হিসেবে ব্যবহার করছে।
ঘটনাপ্রবাহের আরেকটি দুর্ভাগ্যজনক মোড় হচ্ছে জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ভাষণে বর্তমান সংকট উত্তরণের কোনো সমাধান পাওয়া যায়নি। এই ভাষণ জনসাধারণকে আরো ত্যাগ স্বীকারের জন্য আহ্বান এবং তামিলদের সংগঠন এলটিটিইকে চূর্ণ-বিচূর্ণ করার স্মৃতি আওড়ানো ছাড়া আর কিছুই ছিল না।
পরিস্থিতির এর চেয়ে খারাপ একটি দিক হলো একজন বিশেষ মুখ্যমন্ত্রী চলমান আন্দোলনের বিপরীতে একটি পাল্টা সংঘাতমূলক বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন। এমনকি এটা শেষ পর্যন্ত শারীরিক হামলার পর্যায়েও গড়িয়েছিল।
এ ছাড়া ধর্মীয় ও জাতিগত ঘৃণা উসকে দেওয়ার অশুভ তৎপরতাও দেখা যাচ্ছে। এ ধরনের অশুভ উপাদানের একটি বিপদ রয়েছে, যা মিয়ানমারে ‘পুরোহিতদের’ মনে করিয়ে দেয়। ওই অশুভ শক্তিই মিয়ানমারে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার পথ করে দেয়। এ ধরনের ঘটনা আইএমএফের ঋণ পুনর্তফসিলীকরণের সুবিধা পাওয়ার পথে যেকোনো সম্ভাবনায় বিপর্যয় ডেকে আনবে এবং ‘লঙ্কার সোমালিয়াকরণ’ ত্বরান্বিত করবে।