ময়মনসিংহের ত্রিশালের শারীরিক প্রতিবন্ধী রওশনের সঙ্গে সুস্থ সবল সোহেল মিয়ার হৃদ্যতাপূর্ণ দাম্পত্য জীবনের চিত্র গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়। কিন্তু এর পর বেরিয়ে আসে ১৫ বছরের আরেক প্রতারণার ইতিহাস। অবশেষে সেই সোহেল মিয়া আগের বিয়ে ও শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন ও অসত্য বলায় ক্ষমা চেয়েছেন।
তিনি বলেন, আগের সংসারের বউ–বাচ্চারা চাইত না তিনি তাঁদের পরিচয় দিক। তাই তথ্য গোপন করেছেন। আর শিক্ষাগত যোগ্যতার কথা মিথ্যা বলাটা তাঁর ভুল হয়েছে। এ জন্য তিনি ক্ষমাপ্রার্থী।
সোহেল মিয়ার প্রকৃত নাম মোখলেছুর রহমান (বকুল)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আগের সংসারে স্ত্রী ছাড়াও তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
সোহেল মিয়ার আগের সংসারের বড় ছেলে মো. শিহাব উদ্দিন বলেন, ২০০৪ বা ২০০৫ সালের দিকে কাজের কথা বলে ঢাকায় গিয়ে মোখলেছুর রহমান নিখোঁজ হন। তাঁদের পক্ষে তাঁকে খুঁজে বের করার সামর্থ্য ছিল না। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত খবর এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনায় আসা ছবি ও ভিডিও দেখে সোহেল মিয়াকে চিনতে পারেন।
সোহেল মিয়া দাবি করেছিলেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স করেছেন। তবে শিহাব উদ্দিন জানান, সোহেল মিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন।
শিহাব উদ্দিন জানান, তিনি একটি চায়ের দোকান চালিয়ে মা ও ভাইবোনদের দেখছেন। বোনের বিয়ে দিয়েছেন। নিজেও বিয়ে করেছেন। এক ভাই অন্যের দোকানে কাজ করেন। আরেক ভাই পড়াশোনা করছেন।
শিহাব উদ্দিন বললেন, ‘আমরা সোহেল মিয়া বা মোখলেছুর রহমানের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেব না। তবে আমরা চাই, সত্যটা সবাই জানুক। আর এই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী রওশনের তো কোনো দোষ নেই। তিনি আমাদের কথা জানলেও তাঁর তো আর করার কিছু নেই।’
সোহেল–রওশন দম্পতির ভালোবাসা নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে আসা খবর প্রধানমন্ত্রীর কার্যালয়েরও নজরে এসেছে। সেখান থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত বুধবার ময়মনসিংহের ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তারুজ্জামান এই দম্পতির চাহিদা বা প্রয়োজনগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানাবেন বলে সোহেল-রওশন দম্পতির বাড়ি ঘুরে এসেছেন।
ছয় বছর বয়সে টাইফয়েড জ্বরে ত্রিশালের রওশন আক্তারের দুই হাঁটুর নিচ থেকে অবশ হয়ে যায়। তখন থেকেই হাঁটাচলা প্রায় বন্ধ তাঁর। দুই হাতে স্যান্ডেল পরে হামাগুড়ি দিয়ে কিছুটা চলতে পারেন।
রওশন আক্তারের এক স্বজন বলেন, ‘আমরাও এখন শুনছি, সোহেল মিয়া আগে বিয়ে করেছিলেন। তবে প্রায় ১৫ বছর ধরে তিনি রওশনকে যেভাবে আগলে রেখেছেন, তা–ও তো মিথ্যা নয়।’
সোহেলের গ্রামবাসীর দাবি, ময়মনসিংহের ত্রিশালে প্রতিবন্ধী স্ত্রী রওশন আরাকে পীঠে নিয়ে চলাফেরা করে ভাইরাল হওয়া সোহেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও নিজের বাড়ি রাজশাহী দাবি করলেও তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তিনি মূলত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা।
তারা জানান, তার নাম মোকলেসুর রহমান বকুল। তার বাবার নাম মৃত আব্দুল হামিদ। সে প্রাথমিক বিদ্যালয়ের গন্ডিই পেরোয়নি। প্রায় ২০ বছর পূর্বে একই ইউনিয়নের সন্তোষপুর গ্রামের সাজ্জাদ আলীর মেয়ে শুরাতন বেগমকে বিয়ে করেন তিনি। তাদের তিন ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। বর্তমানে তার ছেলেরা ওই চা স্টলটি চালাচ্ছে।
নিজেকে সোহেলের প্রথম স্ত্রী দাবি করা শুরাতন বেগম জানান, অনেক ঋণগ্রস্ত হয়ে পড়ায় সোহেল প্রায় ১৫ বছর পূর্বে এলাকায় স্ত্রী সন্তানদের রেখে চলে যায়।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, সে চলে যাওয়ার পর তাদের কোনো খোঁজখবর রাখেনি। তিনি অনেক কষ্টে সন্তানদের বড় করছেন। তিনি টিভিতে দেখেই বিষয়টি অনেকটা নিশ্চিত হয়েছেন।
এদিকে, চা দোকানী বড় ছেলে সিহাব জানায়, তার বাবা তাদের ছোট অবস্থায় তার মার কাছে ফেলে রেখে যায়। তার মা অনেক কষ্টে তাদের বড় করেছে। তারা তার বোনের বিয়ে দিয়েছে।
তিনি অনেকটা ক্ষোভের সাথে বলেন, সে দূরে থাকলেই ভালো। তার এ অন্তর্ধান আবার হঠাৎ এভাবে উদয়ে এলাকাবাসী বিস্মিত হয়েছে।