মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 December, 2021, 6:48 PM
মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের ছাবলাট গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
শনিবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের চারজনকে যশোর হাসপাতালে এবং একজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ তাদের সঠিক পরিচয় বলতে পারেনি।
গ্রামবাসী জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাবলাট গ্রামের আইয়ুব হোসেন ও বর্তমান চেয়ারম্যান সিরাজ উদ্দিন মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে পূর্বের বিরোধ আরও তীব্র হয়। এরই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ১০টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি অবস্থান নিলে সংঘর্ষ বাধে।
খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় আইয়ুব হোসেনের সমর্থক শরিফুল ইসলাম গুরুতর জখম হন। আহত অবস্থায় তাকে যশোর হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
শালিখা থানার ওসি তারেক বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।