ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাইগারদের পাশে বিসিবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 November, 2021, 3:41 PM

টাইগারদের পাশে বিসিবি

টাইগারদের পাশে বিসিবি

বড় স্বপ্ন নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে আসে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু শুরু থেকেই হোঁচট খেতে শুরু করে। ওমানে কোনো রকম বাছাই পর্বের গণ্ডি পার হয়। তবে আরব আমিরাতে সুপার টুয়েলভ পর্বে এসে সেই স্বপ্নের ভরাডুবি হয়েছে। টানা হেরেছে তিন ম্যাচ। শ্রীলঙ্কা ও উইন্ডিজের বিপক্ষে প্রায় জেতা ম্যাচ হেরে বসেছে। মাহমুদুল্লাহ রিয়াদের দলে পারফরমেন্সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন থেকে শুরু করে টাইগার ক্রিকেটের ভক্ত সমর্থকরা চরম বিরক্ত। তবে দলের এমন অবস্থাতে সব ভুলে পাশে দাঁড়িয়েছে বিসিবি।

গতকাল ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ক্রিকেটারদের সঙ্গে ভার্চ্যুয়াল জুমে দীর্ঘক্ষণ মিটিং করেছেন। তাদের সাহস ও উৎসাহ দিয়েছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘হারলেও আমরা খারাপ খেলিনি। টানা তিনটি ম্যাচে হারলেও আমরা দুটিতে জেতার মতো অবস্থানেই ছিলাম। এখন সামনে দুটি ম্যাচ ও পাকিস্তান সিরিজও আছে। তাই আশা করবো ছেলেরা এই দুটি ম্যাচ থেকে ভালো কিছু নিয়ে ফিরবে।’ কাল আসরে চতুর্থ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আবুধাবি মাঠে টাইগারদের সুযোগ জয় দিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার। এখন অপেক্ষা সেই কাঙ্ক্ষিত জয়ের জন্য।

ওমানে বাছাই পর্বে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হয় স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে। সেই হারের পর শঙ্কা দেখা দেয় সুপার টুয়েলভে খেলা নিয়েও। দ্বিতীয় ম্যাচে ওমানকে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। শেষ ম্যাচে পিএনজিকে হারিয়ে শেষ পর্যন্ত সুপার টুয়েলভ নিশ্চিত করে। ধারণা করা হচ্ছিল শ্রীলঙ্কাকে হারিয়ে সব অপবাদের জবাব দিতে পারতো টাইগাররা। কিন্তু সেই ম্যাচে ১৭১ রান করেই বাজে ফিল্ডিংয়ের কারণে হেরে যায় দল। পরের ম্যাচে আবুধাবিতে কোনো রকম প্রতিরোধই গড়তে পারেনি ইংল্যান্ডের বিপক্ষে। হেরেছে ৮ উইকেটে। তবে ফের শারজাতে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজের। ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ৩ রানে হারে মাহমুদুল্লাহ রিয়াদের দল। হাতে অক্ষত ছিল ৫ উইকেট। বলার অপেক্ষা রাখে না একেবারে জয়ের দুয়ার থেকে হেরে ফিরে আসে টাইগাররা। এমন টানা হারের জন্য অবশ্য দলের মধ্যে আন্তঃকোন্দলকেই দায়ী করা হচ্ছে। আবার ভক্ত-সমর্থকদের দাবি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বোর্ড কর্তাদের উল্টোপাল্টা মন্তব্যই দলের আত্মবিশ্বাস নষ্ট করেছে। তবে আকরাম খান বলেন, ‘আমরা ওদের সঙ্গে আলোচনা করেছি। ওদের উৎসাহ দিচ্ছি। যেন শেষ দুটি ম্যাচে ভালো কিছু নিয়ে দেশে ফিরতে পারে।’

অন্যদিকে দলের শেষ দুটি ম্যাচেও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কারণ এরইমধ্যে ইনজুরিতে পড়েছে দলের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। শোনা যাচ্ছে তিনি হয়তো শেষ পর্যন্ত খেলতে পারবেন না। তাকে নিয়ে আকরাম খান বলেছেন, ‘সাকিবের পরের ম্যাচে খেলার সম্ভাবনা বেশ কম।’ তবে আরেক ইনজুরি আক্রান্ত ক্রিকেটার নূরুল হাসান সোহানের অবস্থা আগের চেয়ে ভালো। হয়তো এই ম্যাচে একাদশে তাকে দেখা যাবে। দলের একের পর এক হার তার ওপর ইনজুরির হানায় ত্রাহী অবস্থা।

তাই শেষ দুটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে লড়াই করে ফেরা সহজ হবে না তা সহজেই অনুমেয়। যদিও দলের একটি সূত্র দাবি করেছে যেহেতু সবাই দুইদিনের বিশ্রামে ছিল ও মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা আছে তাই নতুনভাবেই টাইগারদের মাঠে দেখা যেতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status