চাপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ীদের বোমা হামলা, নিহত এক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 August, 2021, 6:09 PM
চাপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ীদের বোমা হামলা, নিহত এক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক নিয়ে দ্বন্দে জিয়ারুল নামে এক ব্যক্তিকে বোমা মেরে হত্যার অভিযোগ উঠেছে। এসময় বোমা বিস্ফোরণ ও হামলায় আহত হয়েছে নিহত জিয়ারুলের ছোট ভাই টুকু (৫০) ও ওবায়দুর। গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে দুলর্ভপুর ইউনিয়নের গাইপাড়ার জঙ্গলপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত জিয়ারুল একই গ্রামের (৫৫) মৃত গফুর উদ্দিন লুটুর ছেলে।
দুলর্ভপুর ইউপি চেয়্যারম্যান আব্দুর রাজিব রাজু জানান, প্রায় আড়াই মাস আগে পাশ্ববর্তী পাঁকা ইউনিয়নের তরিকুল ও বাবু গ্রুপের ইয়াবার চালান আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )। এলাকাবাসী জানান, এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার রাতে মফিজুলের ছেলে ও তার সাঙ্গপাঙ্গরা জিয়ারুলের উপর হামলা ও বোমা বিস্ফোরণ ঘটায়। এতে জিয়ারুল,টুকু ও ওবাইদুর বোমার আঘাতে গুরুত্বর আহত হয়। পরে তাঁদের চিকিৎসার জন্য শিবগঞ্জ আনার পথে মারা যান জিয়ারুল এবং তাঁর ভাই টুকুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে একটি ঘটনায় মফিজুলের উপর হামলা ঘটনায় মফিজুলের একটি চোখ নষ্ট হয়ে যায়। ঐ এলাকায় মাদক ব্যবসায়ী ও গ্রপ মফিজুলের সঙ্গে বাবলু গ্রুপের বিবাদ থাকায় এর আগে ও হামলা ও বোমাবাজির ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ফরিদ উদ্দিন জানান, মাদক নিয়ে দুই গ্রুপের দ্বন্দেই বোমাবাজি ও হামলার ঘটনা ঘটেছে। এতে বোমা বিস্ফোরণে জিয়ারুল নিহত হয় এবং তাঁর ভাই আব্দুল খালেক টুকু আহত ও হামলায় ওবাইদুর আহত হয়। তিনি আরো জানান, দুই গ্রপের বিরুদ্ধেই একাধীক মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শনিবার রাতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের আইনের আওতায় আনা হবে।