অর্থাভাবে আমার চিকিৎসা হচ্ছে নাধ : বীর মুক্তিযোদ্ধা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 August, 2021, 3:49 PM
অর্থাভাবে আমার চিকিৎসা হচ্ছে নাধ : বীর মুক্তিযোদ্ধা
এলাকায় সবাই তাকে চেনেন গেরিলা আমীর নামে। ভালো নাম আমীর হোসেন খান (৬৫)। মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাব সেক্টর হেড কোয়ার্টার বুকাবুনিয়ার অধীনে যুদ্ধ করেছেন এই বীরযোদ্ধা। বামনা থানা হানাদারদের আক্রমণের সময় থানার ভেতরে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তিনি দুটি গ্রেনেড নিক্ষেপ করে বামনা থানা মুক্ত করেন। সেই থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে সবাই গেড়িলা আমীর নামে ডাকেন।
তাঁর বাড়ি বামনা উপজেলার ডৌয়াতলা গ্রামে। মুক্তিযুদ্ধের গেজেট নম্বর- ৭৭২ ও লাল মুক্তিবার্তা নম্বর ১০৪০০০১২৫৮। তিনি শুধু বামনা থানা হানাদার মুক্তকরাই নয় মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পাথরঘাটা, ফুলঝুড়ি ও বরগুনার বিভিন্ন এলাকায় যুদ্ধে অংশগ্রহন করেন।
বর্তমানে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট হাসপাতালের নিউরোসার্জন চিকিৎসক ডা. জুলফিকার আলী’র তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি শুধু হৃদযন্ত্রের রোগেই ভুগছেন না বিগত বছরে তিনি পক্ষাঘাতগ্রস্থ হয়ে দীর্ঘদিন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১ জুলাই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট হাসপাতালের ভর্তি হন। সেখানে তিনি দীর্ঘ একমাস ধরে ভর্তি রয়েছেন।
গত শনিবার তাঁর হার্টে পেসমেকার ও কার্ডিও কন্ট্রোল মেশিন (সিপিএম) বসানো হয়েছে। এই বীর মুক্তিযোদ্ধার চিকিৎসায় এরই মধ্যে ৬ থেকে ৭ লাখ টাকা খরচ হয়েছে। অসুস্থ এই বীরযোদ্ধাকে আরো দীর্ঘদিন চিকিৎসাধীন থাকতে হবে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক। এমন অবস্থায় তাঁর পরিবার চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে। পরিবারের সদস্যরা সমাজের বিত্তবানদের কাছে তাঁর চিকিৎসার জন্য কিছুটা সহায়তার হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন খান এক ভিডিও বার্তায় কালের কণ্ঠকে বলেন, ‘আমি একজন সাবেক সেনা সদস্য। সেনাবাহিনীতে যোগদানের পরে আমি সেখান থেকে পালিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমার জীবনের তোয়াক্কা না করে আমি এই দেশ স্বাধীন করার একজন গর্বিত অংশীদার। বর্তমানে আমি প্রায় ১ মাস ধরে হাসপাতালে ভর্তি। অর্থাভাবে আমার চিকিৎসা হচ্ছে না। আমি আপনাদের সহযোগিতা পেলে সোনার বাংলা আরো কিছুদিন দেখতে চাই। দেশবাসীর কাছে অনুরোধ আপনারা আমার চিকিৎসার জন্য কিছুটা সহায়তা করুন।