বালিশচাপা দিয়ে হত্যার পর লাশ খাটের নিচে রাখেন রুবেল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 4 July, 2021, 12:59 PM
বালিশচাপা দিয়ে হত্যার পর লাশ খাটের নিচে রাখেন রুবেল
আশুলিয়ায় পাওনা টাকা চাওয়ায় জয়নাল আবেদীন নামে এক বৃদ্ধকে বালিশচাপা দিয়ে হত্যার ঘটনায় মো. রুবেল নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১। হত্যাকাণ্ডে ব্যবহৃত বালিশটিও উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১ এর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর হাজারীবাগ থানার বউবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মৃত জয়নাল আবেদীন রংপুর জেলার পীরগাছা থানার ষাটভিটা এলাকার মৃত বারোমনছেরের ছেলে। ছেলে, মেয়ে ও স্ত্রীকে নিয়ে তিনি ওই এলাকায় ভাড়া থেকে রিকশা চালাতেন। গ্রেফতর রুবেল মাদারীপুর জেলার বাসিন্দা।
র্যাব জানায়, পাওনা টাকা না পেয়ে গত ১ জুলাই রাতে জয়নাল আবেদীনকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরই র্যাব-১ পুলিশের পাশাপাশি ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ১০টায় হাজারীবাগের বউবাজার এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানায়, সে রাজমিস্ত্রির কাজ করতো। পাশাপাশি সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। ঘটনার দিন দুপুরে জয়নাল আবেদীন রুবেলের কাছে পাওনা টাকা চাইতে যান। পাওনা টাকাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল জয়নালকে বিছানায় ফেলে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ খাটের নিচে রেখে রুমে তালা দিয়ে পালিয়ে যায় রুবেল।