ফের দেখা গেলো ‘রহস্যময়ী’কে, এবার পেঁয়াজ কাটার ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 June, 2021, 8:49 PM
ফের দেখা গেলো ‘রহস্যময়ী’কে, এবার পেঁয়াজ কাটার ভিডিও ভাইরাল
নামপরিচয় জানা নেই। কোথাকার বাসিন্দা, তাও বোঝা দায়। তবে তার রুটি তৈরির ভিডিও এবং মিষ্টি হাসিতে নেটদুনিয়ার অনেকেই মজে গিয়েছিলেন। ভাইরাল হওয়া সেই ভিডিওর ‘রহস্যময়ী’কে ফের দেখা গিয়েছে ইনস্টাগ্রামের পাতায়। তা নিয়ে ফের শুরু হয়েছে মাতামাতি।
এবারের ভিডিওতে দেখা গিয়েছে, খাটিয়ার উপর বসে পেঁয়াজ কাটছেন কম বয়সি মেয়েটি। হালকা বাদামি চোখের মেয়েটির পরনে সালোয়ার কামিজ।ওড়নায় জড়ানো মাথা খানিকটা ঢাকা। মাথা নিচু করে একমনে পেঁয়াজ কেটে চলছেন। মাঝে মধ্যে অন্য দিকে তাকাচ্ছেন। হঠাৎই ক্যামেরার দিকে মুখ ফিরিয়ে হেসে ফেললেন।
ব্যস্! তার এই ভিডিওই এই মুহূর্তে ভাইরাল নেটাগরিকদের মধ্যে। অজানা-অচেনা ওই মেয়েটির ভিডিও ইতিমধ্যেই প্রায় ৫৪ হাজারের নেটাগরিকের পছন্দ হয়েছে। নিজেদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিতেও শুরু করেছেন অনেকেই।
ইনস্টাগ্রামে ওই মেয়েটিকে নিয়ে আস্ত একটি পাতাও তৈরি করেছেন জনৈক নেটাগরিক। ‘রহস্যময়ী’র মতোই তিনিও নিজের নামপরিচয় জানাননি। তবে তার ইনস্টাগ্রামের পাতায় ওই মেয়েটিকে বার বার দেখা গিয়েছে। মেয়েটির রুটি তৈরির ভিডিওটি ইতিমধ্যেই ২ লাখের বেশি নেটাগরিক দেখে ফেলেছেন। এবার তার নতুন ভিডিও নিয়েও শুরু হয়েছে হইচই!
নেটমাধ্যমে খবর, মেয়েটির বাড়ি পাকিস্তানের কোনো প্রদেশে।