কিছু মানুষের উপস্থিতি যদিও আমার ভাবনার দীর্ঘ-প্রস্থের অনেক বাইরে, তবু ওদের বসবাস আমার মনের গভীরে। মাঝেমাঝেই ওরা আমার কল্পনায় উঁকি দেয়। যদিও এখবর ওদের অজানা – আমিও বলিনা কখনো। এমনি একজন আমার একটা লেখা পড়ে লিখে জানালোঃ
“বিছানায় যাওয়ার আগে ভালো কিছু পড়তে পারলে রাতের ঘুমে স্থিরতা থাকে। এই প্রথম আপনার বাংলা লেখা পড়লাম। যে কথাগুলো মাঝেমধ্যে ভাবি, আবার যে কথাগুলো ভাবতে চাই সেরকম বিষয়গুলোর কিছু কিছু এখানে পেলাম, যা পড়লে মন ভাবুক হয় (লজিক্যালি)।
“স্যার, আপনার ইংরেজি লেখাগুলোর মধ্যে দুইটা লেখা পুরোটা পড়েছিলাম। প্রিন্সেস লতিফার চিঠি (এই লেখায় ইংরেজিটা সাথে বিরাম চিহ্নের ব্যবহার আমার পাঠের জন্য বেশ ঝরঝরে ছিল), আর ইন্টারপোলের তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়া এক নারীকে নিয়ে লেখা (মনে পড়ছে না ঠিকঠাক, চেহারাটা মনে আছে)।
কিছু লেখা পৌনে, কিছু আধা পড়ার পর এগোয়নি। বেশির ভাগ শিরোনাম পর্যন্ত। আবার কিছু লেখা আগ্রহ থাকলেও ইংরেজিটা আমার জন্য ফ্রেন্ডলি হয় না বলে পড়া হয় না। ইরানের পোড়া পোড়া খাবারের ছবি এতোদিন আমাকে বিস্মিত করেছে। আপনার লেখার সাথে পরিচিত হবার পর এখন দেশটি নিয়ে জানার আগ্রহ তৈরি হয়েছে। সুধীর চক্রবর্তীর "গহীন নির্জন পথে" কয়েক পৃষ্ঠা পড়েছিলাম। পড়তে গেলে আটকে যাই, যেখানে বুঝি না সেই জায়গাটার পর এগোতে পারি না বলেই বইটা পড়া হয়নি”।
বার তিনেক পড়লাম এটা। উত্তরে তাকে ‘ধন্যবাদ’ এর মতো আনুষ্ঠানিক শব্দ পাঠাতে পারতাম। কিন্তু ব্যক্তিগত জীবনে আমি নিজে লেখালেখি করি। নাটক লিখি। সংলাপও লিখি। একারণেই আমার কাছে ‘ধন্যবাদ’ কিংবা ‘আই লাভ ইউ’ জাতীয় শব্দ বড়বেশী মেকী মনে হয়। ভালোলাগার মানুষগুলোকে মেকী শব্দে জর্জরিত করতে আমার একদম ভালো লাগেনা। জীবনটাকে কখনো মেকী শব্দ কিংবা মিথ্যে বাহানার চাদরে ঢাকতে নেই। এটা করলে মানুষের মাঝে বসবাস করা ‘মানুষ’ টা কষ্ট পায়। যদিও আমি জানি, আজকালকার পৃথিবীটায় নকলের কিংবা মেকীর ছড়াছড়ি সর্বত্র। সবাই মনে হয় মন খুলে মনের কথাটা বলতে অক্ষম কিংবা অনিচ্ছুক। এমনটা কেনো হবে এই বাংলায়, যেখানে লালনের জন্ম? আমাদের তো ঢের বেশী আন্তরিক আর দিলখোলা হবার কথা। তাহলে কি আমাদের ভেতরের ‘মানুষ’ টা অভিমানে ঘুমিয়ে গেছে? নাকি আমাদের স্বত্বার মাঝে ক্রমাগত পচন ধরেছে?
পেশাগত কারণেই প্রতিদিন অনেক লোকের সাথে আমার কথা হয় – দেখা হয়। সারাটা বেলা আমি ভীষণ অবাক হয়ে মানুষের সাথে মানুষের অভিনয় দেখে যাই। ওরা আমার সাথেও অভিনয় করে। এটা আমি বুঝি। যদিও ওদের এটা বলিনা কখনো। মাঝেমাঝে মনে হয়, আমার চারপাশের ওই মানুষগুলো কেমন যেনো আবেগহীন রোবটে পরিণত হয়ে গেছে। এটা কি ওদের সীমাবদ্ধতার কারণেই। নাকি অন্যকিছু? লেখাটা কেনো শেষ করতে হবে এখানেই। সারাদিন আজ লেখালেখির মাঝেই ডুবে ছিলাম। বাইরে লকডাউন। ভেতরে আমি ক্রমাগত লিখে যাচ্ছি। ‘যমুনার নিষিদ্ধ বাঁকে’ উপন্যাসটা। এখন প্রায় মাঝরাত। শরীর এবং কলমে ক্লান্তি নেমে এলেও ভাবনার দুনিয়াটায় ক্লান্তির রেশমাত্র নেই। তবুও লেখাটা এখানেই থামাতে হলো।
সবাই ভালো থাকবেন – নিরাপদে থাকবেন। করোনা নিয়ে যেমন অবহেলার সুযোগ নেই, ঠিক তেমনিভাবে এটা ভেবেভেবে জীবনী শক্তি নষ্ট করে দেয়ারও মানে নেই। আজ থেকে বহু যুগ আগে এই পৃথিবীতেই ব্ল্যাক ডেথ এবং স্প্যানিশ অতিমারি এসেছিলো। ব্ল্যাকডেথে ২০ কোটি আর স্প্যানিশে ৫ কোটি মানুষের প্রানহানী ঘটেছে। করোনা কিংবা কোভিদ এতোটা মারাত্মক নয়। আমরা একটু সচেতন হলে খুব শিগগিরি এথেকে মুক্তি মিলবে সবার। আতঙ্কে জীবনটাকে সাদাকালো করে দেবেন না কেউ। সপ্ন দেখুন – গান শুনুন – কবিতা পড়ুন। মাঝেমাঝে একদম একাকী স্রষ্টার কাছে প্রাণভরে চান আপনার যা-যা প্রয়োজন।
লেখক: সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুরস্কারপ্রাপ্ত জঙ্গিবাদ বিরোধী সাংবাদিক, লেখক, গবেষক, কাউন্টার-টেরোরিজম বিশেষজ্ঞ এবং প্রভাবশালী ইংরেজী পত্রিকা ব্লিটজ-এর সম্পাদক