১১ বছর বয়সী ছাত্রীকে ৪ বার ধর্ষণ: মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 November, 2020, 8:46 PM
১১ বছর বয়সী ছাত্রীকে ৪ বার ধর্ষণ: মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামের বাঁশখালীতে ১১ বছর বয়সী ছাত্রীকে চারবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষাকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলার দুই সপ্তাহ পর রোববার (১ নভেম্বর) গভীর রাতে আত্মগোপনে থাকা মোজাম্মেলকে কুমিল্লার দেবিদ্বারের পাওয়ান্নারপুল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
গ্রেপ্তার মোজাম্মেল হক (৫৫) বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল সন্ধিপাড়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি ওই এলাকার মৃত আবদুল মজিদের ছেলে বলে গণমাধ্যমকে জানিয়েছেন র্যাব-৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই শিক্ষক কুমিল্লার দেবিদ্বারে তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে আছেন।
মামলার এজাহার অনুযায়ী, ওই এলাকার এক দিনমজুরের মেয়ে মোজাম্মেলের কাছে কোরআন শিখতে প্রতিদিন সকালে ওই মাদ্রাসায় যেতেন। কিন্তু মোজাম্মেল ছুটির পরও মাদ্রাসা পরিষ্কার করার কথা বলে মেয়েটিকে আটকে রেখে ধর্ষণ করতেন। অক্টোবরে মেয়েটি চারবার ধর্ষণের শিকার হয়।
গত ১৯ অক্টোবর বাঁশখালী থানায় মেয়েটির বাবা বাদি হয়ে মোজাম্মেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।
র্যাব-৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন মোজাম্মেল।