ইসরাইলের সঙ্গে চুক্তির চড়ামূল্য দিতে হবে আমিরাত-বাহরাইনকে: রুহানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 11:08 PM
ইসরাইলের সঙ্গে চুক্তির চড়ামূল্য দিতে হবে আমিরাত-বাহরাইনকে: রুহানি
ইরানের চিরশত্রু ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তির কারণে কোনো ভয়াবহ পরিস্থিতির তৈরি হলে তার দায় সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনকে নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।
হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মঙ্গলবার পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে নিজ নিজ পক্ষে সই করেন ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু এবং আমিরাত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা। তার একদিন পর এমন হুঁশিয়ারি দিলেন ইরানি প্রেসিডেন্ট।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বৈঠকে রুহানি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল প্রতিদিন অ্যবাহতভাবে নৃশংসতা বাড়িয়ে চলছে।
তিনি বলেন, এ অঞ্চলের কয়েকটি দেশ রয়েছে। যাদের জনগণ ধর্মপ্রাণ মুসলমান। কিন্তু তাদের শাসকরা তাদের ধর্ম এবং অনুভূতিকে মূল্যায়ন করে না। শাসকরা তাদের ভাষণে ফিলিস্তিনিদের নিজেদের ভাই বলে সম্বোধন করলেও কাজে উল্টো দেখা যাচ্ছে।
আপনারা কীভাবে ইসারইলের সঙ্গে হাতে মেলাতে পারেন? কীভাবে তাদের এ অঞ্চলে ঘাঁটি গড়তে দিচ্ছেন? এর ফলে যে তীব্র ভয়াবহতা দেখা দেবে তার দায় আপনাদের নিতে হবে। বলেন হাসান রুহানি।
অবরুদ্ধ গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে ইসরাইলের চালানো বিমান হামলার কিছুক্ষণ পরই ভাষণ দেন তিনি।