নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি প্রগতিপাড়ায় পুকুরে ডুবে আলেয়া বেগম (২৫) নামে এক নারী ও তার সাত মাসের শিশুকন্যা মনি আক্তারের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাদের মরদেহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনালের হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
আলেয়া উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি প্রগতিপাড়ার ইসমাইল হোসেনের স্ত্রী। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, আলেয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। এজন্য তিনি চিকিৎসাও নিচ্ছিলেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকালে শিশুকন্যা মনি বিছানায় মলত্যাগ করলে আলেয়ার গায়ে লেগে যায়। সেটি পরিষ্কার করার জন্য তিনি মেয়েকে কোলে নিয়েই বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে যান। এরপর দীর্ঘ সময়েও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ১০টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় মা-মেয়ের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে