আসামে বন্যায় ৫০ জনের মৃত্যু, পানিবন্দী ২০ লক্ষাধিক মানুষ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 10:37 PM
আসামে বন্যায় ৫০ জনের মৃত্যু, পানিবন্দী ২০ লক্ষাধিক মানুষ
ভারতের উত্তর-পূর্বাঞ্চীয় রাজ্য আসামে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা পরিস্থিতি। রাজ্যটিতে চলমান বন্যায় অন্তত ৫০ জন লোক প্রাণ হারিয়েছেন। এছাড়া পানির নিচে তলিয়ে গেছে সেখানকার কয়েক হাজার গ্রাম। এতে করে পানিবন্দী হয়ে পড়েছে ২০ লাখেরও বেশি মানুষ।
মঙ্গলবার রাজ্যটির কর্মকর্তারা জানান, কাজিরাঙ্গা অভয়ারণ্যের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। কমপক্ষে ৫১টি প্রাণী মারা গেছে। ১০২টি প্রাণীকে অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। কয়েকটি বাঘ এবং রাইনো আশেপাশের গ্রামে চলে গেছে।
রাজ্যজুড়ে বিভিন্ন স্থানে পানিতে ডুবে গেছে বহু রাস্তা, ঘর-বাড়ি। বন্যাদুর্গতদের আশ্রয় দিতে কর্তৃপক্ষ ৪৮০ টি ত্রাণশিবির স্থাপন করেছে। এগুলোতে ৬০ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে।
এদিকে আসামে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক মৃণাল সইকিয়াকে ভিডিওতে দেখা যায়, তিনি কাদাপানি সরিয়ে নারী ও শিশুদের উদ্ধার করছেন।পানি থেকে তাদেরকে তুলে নৌকায় বসিয়ে সুরক্ষিত স্থানে পৌঁছে দিচ্ছেন।
টুইটারে ভিডিও দিয়ে মৃণাল লেখেন, “আমার বিধানসভা এলাকা বন্যার তোড়ে ভেসে গেছে। আমরা বন্যায় আটকা পড়া মানুষদের উদ্ধারের কাজ করছি।”
গতবছরও প্রায় একই সময়ে বন্যায় প্লাবিত হয়েছিল ভারত, নেপাল এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। গৃহহীন হয়েছিল লাখ লাখ মানুষ। ভারতে ওই বন্যায় শতাধিক মানুষের মৃত্যুর খবর জানা গিয়েছিলো।