ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
সোয়া কোটি টাকার মাদকসহ নারী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 June, 2020, 6:17 PM

সোয়া কোটি টাকার মাদকসহ নারী আটক

সোয়া কোটি টাকার মাদকসহ নারী আটক

নওগাঁর বদলগাছীতে একটি ভাড়া বাসা থেকে সোয়া কোটি টাকার মাদক ও মাদক তৈরির সরঞ্জামসহ এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক সম্রাট ইউনুছ আলী পালিয়ে যায়।

শনিবার (২৭ জুন) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা সদর ইউনিয়নের বৈরাগী পাড়ায় অভিযান চালিয়ে এসব মাদক ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় হাবিবা খানম নামে এক নারীকে আটক করা হয়। তিনি জেলার পত্নীতলা উপজেলার গগণপুর গ্রামের মাদক সম্রাট ইউনুছ আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত চার মাস আগে বৈরাগী পাড়ায় ধান ব্যবসায়ী আসাদ আলীর পাঁচতলার নিচের ফ্লাট ভাড়া নেন মাদক সম্রাট ইউনুছ আলী। ওই ভবনের উপরে থাকেন বাসার মালিক আসাদ আলী। এছাড়া বাসার দ্বিতীয় তলা থেকে শুরু করে চতুর্থ তলা পর্যন্ত অন্যান্য ভাড়াটিয়া ভাড়া থাকেন। বাসার মালিক বা অন্য ভাড়াটিয়ারা কেউ জানতো না বাসার নিচের ফ্লাটে কি হয়।

পাওনা টাকার অভিযোগের বিষয়ে ওই ভবনে ইউনুছের কাছে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহায়বুর রহমান তদন্ত করতে যান। এতে সম্রাট ইউনুছ আলীর গোপন রহস্য বেরিয়ে আসে। এরপর পুলিশ বিকেল ৫টার দিকে ওই বাসাটি ঘিরে রাখে। পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া আসার পর বাসাতে অভিযান পরিচালনা করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই মাদক সম্রাট ইউনুছ আলী সটকে পড়েন। প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে ওই ভাড়া বাসা থেকে হেরোইন, হেরোইন তৈরির উপকরণ, ইয়াবা এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। যার মূল্য সোয়া দেড় কোটি টাকার বেশি।

বাসার মালিক আসাদ আলী বলেন, ‘গত চার মাস আগে ভবনের নিচতলায় ইউনুছকে ভাড়া দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য ফ্লাটেও ভাড়াটিয়া আছে। অন্য ভাড়াটিয়া বা আমরা বিষয়টি বুঝতে পারিনি তারা ফ্লাটে কি করত। পুলিশ আসার পর দেখছি ফ্লাটে মাদকের কারবার। পুলিশ না আসলে কিছুদিনের মধ্যে হয়ত আরও বড় ক্ষতি হতে পারতো।’

উপ-পরিদর্শক (এসআই) সোহায়বুর রহমান বলেন, ‘উপজেলার গোল্লা গ্রামের শাহজালাল নামে এক ব্যক্তি প্রায় ৩/৪ মাস আগে ইউনুছকে ৮০ হাজার টাকা ঋণ দিয়েছিলেন। ইউনুছ টাকা না দিয়ে টালবাহানা করছিল। গত শুক্রবার এ নিয়ে পাওনাদার থানায় একটি লিখিত অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে শনিবার বিকেলে বৈরাগী পাড়ায় ওই ভবনে তদন্তে যাই।’

তিনি বলেন, ‘আমরা যাওয়ার কিছু আগেই ইউনুছ বাড়ি থেকে চলে যায়। তার স্ত্রী হাবিবা খানমকে টাকার বিষয়ে জানতে চাওয়া হয়। আমরা যাওয়ার পর থেকেই হাবিবা ছটফট করছিল। আর বলছিল স্যার টাকা দিয়ে দিবো। তারা যে বাসায় ভাড়া ছিল যাওয়ার পর একটি ঘরের দরজা খোলা ছিল। ওই ঘরটি এক সময় তালা দিয়ে বন্ধ করে দেয় হাবিবা। এরপর সন্দেহ বেড়ে যায়। পরে ঘরের তালা খুলে দেখা যায় মাদক ও সরঞ্জাম। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ ৩ হাজার ৪শ টাকা।’

বদলগাছী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘ওই বাসা থেকে অ্যাম্পুল, হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সেখানে ইউনুছ আলী গোপনে নিজস্বভাবে এসব তৈরি করে সরবরাহ করত। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তার স্ত্রী হাবিবা খানমকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’

নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম বলেন, ‘বাসার নীচ তলায় পরিবহন ব্যবসার কথা বলে ভাড়া নেয় ইউনুছ আলী। পরে সেখানে একাধিক মামলার আসামি মাদক সম্রাট ইউনুছ আলী ও তার স্ত্রী হাবিবা বসবাস শুরু করে। সেখানে একটি ঘরে ল্যাবরেটরি (পরীক্ষাগার) স্থাপন করে বিভিন্ন মাদক তৈরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এরপর অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪শ গ্রাম হোরোইন, হোরোইন তৈরীর উপকরণ, কিছু ইয়াবা ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত অন্যান্যেদের গ্রেফতারের অভিযান চলছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status