ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
হতাশার কালো ছায়া রূপনগর বস্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 7:45 PM

হতাশার কালো ছায়া রূপনগর বস্তি

হতাশার কালো ছায়া রূপনগর বস্তি

বুধবার দুপুর একটা। রূপনগর বারেক বস্তির আগুন তার দানবীয় নৃত্য শেষ করেছে ঘণ্টাখানেক আগে। তবে রেশ চলছিল তখনো। চারদিকে পোড়া গন্ধ আর ধোয়ার কুণ্ডলি। খেটে খাওয়া হাজারো মানুষ ধ্বংসাবশেষে খুঁজে ফিরছে ‘যদি কিছু অক্ষত থাকে’ এমন কিছু পেতে। কেউবা নতুন আশ্রয়ের খোঁজে ভ্যানে বেঁচে যাওয়া মালসামান নিয়ে ছুটে চলছে। বস্তির পাশ্ববর্তী মাঠ ও রাস্তায় জড়ো করে রাখা আছে হাড়ি-পাতিল, টিভি-ফ্রিজ, খাট, আলমিরাসহ সংসারের নানান কিছু। সেখানে শূন্য দৃষ্টিতে বসে আছে নারী-শিশুরা।

পুড়ে যাওয়া মুদি দোকানের উপর মাথায় হাত দিয়ে বসে ছিলেন কালান। বস্তির সবচে বড় মুদি দোকানটি ছিল তার। কয়েকদিন আগেই চাল-ডালসহ লাখ টাকার মাল উঠিয়েছিলেন দোকানে। জানালেন ১০ লাখ টাকার মাল পুড়ে গেছে তার। এখন কি করবেন, কোথায় যাবেন কিছুই বুঝতে পারছেন না তিনি!

একই অবস্থা রুবেলেরও। বস্তিতে তারও ছিল ছোট একটা মুদি দোকান। আগুনে পুড়ে গেছে তার দোকানে রাখা প্রায় দুই লাখ টাকার মালামাল।

রূপনগর ওয়াসা পাম্প সংলগ্ন বস্তির খোলা জায়গায় ছোট দুই ভাইকে নিয়ে স্কুল ড্রেস পরে বসে ছিলেন জান্নাত। ইসলামিয়া হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী জান্নাত। বাবা রিকশা চালক। জান্নাত জানান, সকালে টেস্ট পরীক্ষা দিতে স্কুলে গিয়েছিলেন। ১০ টার দিকে স্যার জানান, তোমাদের বস্তিতে আগুন লেগেছে, বাড়িতে যাও।’ শোনার সঙ্গে সঙ্গে চলে আসি বস্তিতে। সামনে মেট্রিক পরীক্ষা। খুব চিন্তায় ছিলাম আমার বই-খাতাগুলোর জন্য। আল্লাহ’র অশেষ করুণায় আমার বাবা-মা একটা পাতিলে করে আমার বই-খাতাগুলো আগুন ছড়িয়ে পড়ার আগেই নিরাপদে সরিয়ে ফেলে। ধ্বংসস্তুপের মাঝে দাড়িয়েও স্বপ্নের কথা বলে শিক্ষার্থী জান্নাত।

ওই শিক্ষার্থী জানায়, পড়াশোনা শেষ করে বড় চাকরি করবো। বাবা-মা আর ভাইদের নিয়ে এই বস্তি ছেড়ে পাকা বাসায় থাকবে। বস্তিতে সবসময় আগুনের ভয়ে থাকতে হয়।

পোশাক শ্রমিক রোজিনা ও কিবলু জানান, সকালে মিরপুরে পোশাক কারখানায় গিয়েছিলেন কাজে। ১০ টার দিকে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি। তবে যেতে পারেননি ভালবাসায় গড়া নিজের ছোট্ট ঘরটিতে। দূর থেকে দেখলেন পুড়ে যাচ্ছে সবকিছু। জানালেন, গত ৩০ বছর ধরে থাকছেন এই বস্তিতে। অভিযোগ করলেন, আমাদের উচ্ছেদ করতে আগুন লাগানো হয়েছে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে সে বিষয়ে কিছু বলেননি তারা।

ফায়ার সার্ভিসের দিকেও অভিযোগের আঙুল তুলছেন অনেকেই। এমব্রয়ডারি শ্রমিক স্বপন জানান, আগুন লাগে সাড়ে ৯টার দিকে। আর ফায়ার সার্ভিসের গাড়ি আসে ১১টায়। তখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। তিনি অভিযোগ করেন, রূপনগর থানার সামনের দিকে বস্তির অংশে ফায়ার সার্ভিসের কোনো গাড়ি আসেনি। তাদেরকে পুলিশ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর বারবার ফোন করলেও এইদিকটায় কোনো অগ্নিনির্বাপনের গাড়ি আসেনি।

বুধবার সকাল ১০ টার দিকে আগুন লাগে রূপনগর বারেক বস্তিতে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার কারণও জানাতে পারেনি সংশ্লিষ্টরা। বস্তিবাসীদের দাবি এখানে ১০ হাজারেরও বেশি কাঁচা ও আধাপাকা ঘর রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status