দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি আতঙ্ক ছড়িয়েছে করোনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 7:13 PM
দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি আতঙ্ক ছড়িয়েছে করোনা
করোনাভাইরাস এখন বিশ্বজুড়ে এক চরম আতঙ্কের নাম। এরই মধ্যে ১১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এই ভাইরাস। করোনার ধাক্কা লেগেছে বিশ্ব রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে মানুষের দৈনিক আয়-রোজগারেও। সময় যতো গড়াচ্ছে মানুষের উদ্বেগ ততো বাড়ছে। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
করোনা আতঙ্কে এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশের সুপার মার্কেটগুলো থেকে মাস্ক, টয়লেট পেপার, স্যানিটাইজার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলি উধাও হয়ে গেছে। মানুষ আতঙ্কিত হয়ে এসব প্রয়োজনীয় পণ্য মজুত করেছে।
চীনের পর ইতালিতেই সবচেয়ে মারাত্মক রূপ নিয়েছে মহামারি করোনা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১৬৮ জনের। যা এখনও পর্যন্ত একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। সর্বশেষ ইতালিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৮। আক্রান্ত অন্তত ১০ হাজার জন। সংক্রমণ ঠেকাতে দেশের ৬ কোটি নাগরিকদের কার্যত ঘরবন্দি করে রাখা হয়েছে। আতঙ্কে লোকজন রাস্তায় বের হচ্ছে না। ফলে জনবহুল শহরগুলো এখন ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে।
খাদ্য এবং পানিরও সংকট দেখা দিয়েছে। দোকান এবং সুপারশপের তাকগুলি ফাঁকা পড়ে হয়েছে। ইউরো নিউজের এক প্রতিবেদনে একটা ভিডিও প্রকাশ করা, সেখানে একজন বৃদ্ধকে দোকানের পাস্তার অভাবে ফাঁকা তাকগুলো দেখিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা যাচ্ছে। ভিডিওতে তিনি বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও মানুষকে আমি এতো আতঙ্কিত হতে দেখিনি। যতটা এখন করোনা নিয়ে হতে দেখছি।
করোনাভাইরাস সম্পর্কে এই প্রবীণ ভদ্রলোকের প্রতিক্রিয়া এবং পাস্তার অভাব প্রায় খালি পড়ে থাকা দোকান মানুষের মাঝে কতোটা আতঙ্ক ছড়িয়েছে তার একটা প্রতীকি উদাহণ মাত্র। একই অবস্থা ইতালির সবগুলো শহরের দোকান ও সুপারশপগুলোতে।