করোনার কালো মেঘ এবার ভর করেছে আইপিএলের আকাশে। করোনাভাইরাস যেভাবে গোটা বিশ্বে হানা দিয়েছে, তাতে আতঙ্ক বেড়েই চলেছে। এরই মধ্যে করোনা আতঙ্কে খেলার দুনিয়ায় নানা টুর্নামেন্ট হয় বন্ধ হয়ে যাচ্ছে, নাহলে পিছিয়ে দেওয়া হচ্ছে। ক্রিকেট থেকে রাগবি, সব ক্ষেত্রেই ছবিটা একইরকম।
স্বাভাবিকভাবেই ক্রিকেটের সবচেয়ে জমকালো আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) নিয়ে আনিশ্চয়তা শুরু হয়েছে। আলোচনা হচ্ছে কী হবে আইপিএলের? ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি অবশ্য জানালেন, এ নিয়ে ভাবনার কিছু নেই। সব রকম প্রস্তুতি নিয়েই যথা সময়ে আইপিএল আয়োজন করা হবে।
তিনি বলেন, 'বাড়তি সতর্কতা নিয়েই টুর্নামেন্ট শুরু হবে। ২৯ মার্চ ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচ খেলবে। এর জন্য যা যা করার দরকার, বোর্ড সব করবে। বোর্ড চায় সব কিছু সামলে আইপিএল ঠিকভাবে শেষ করতে।'
কী করবে বোর্ড? প্রাথমিকভাবে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে সতর্ক করা হচ্ছে। টুর্নামেন্টে অন্যবারের তুলনায় এবার নিরাপত্তা আরও বেশি কঠোর হবে। সাধারণ মানুষকে ক্রিকেটারদের সামনে আসতে দেওয়া হবে না। তাঁদের সঙ্গে ক্রিকেটারদের হাত মেলানোতেও জারি হবে নিষেধাজ্ঞা। কোন ক্রিকেট ভক্তের কাছ থেকে অটোগ্রাফের জন্য পেন বা মার্কার নেওয়াও চলবে না ক্রিকেটারদের। ভাইরাস কোথা থেকে হানা দেবে, তা সকলের কাছেই অজানা। তাই এভাবে ক্রিকেটারদের যতটা নিরাপদে রাখা সম্ভব, তার চেষ্টা করবে বোর্ড।
শুধু বোর্ড এগিয়ে আসলেই অবশ্য হবে না। এর জন্য একইভাবে কাজ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকেও। কারণ, একটা দলে দেশি, বিদেশি ক্রিকেটারদের সঙ্গে থাকে সাপোর্ট স্টাফ, প্রশাসনিক কর্মকর্তারা। তাই ফ্র্যাঞ্চাইজিরাও সঠিক দায়িত্ব পালন না করলে সুষ্ঠুভাবে আইপিএল কাজ করা যাবে না।