দীর্ঘ সাত মাস পর জম্মু-কাশ্মীরে সোশ্যাল মিডিয়ার ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। তবে সাময়িক সময়ের জন্য নেয়া হয়েছে এই পদক্ষেপ।
বৃহস্পতিবার এক নির্দেশে জম্মু-কাশ্মীর কর্তৃপক্ষ জানায়, আগামী ১৭ মার্চ পর্যন্ত মোবাইলে সব সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট দেখা যাবে। এরপর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
গত বছরের আগস্টে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ তুলে নিয়ে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। এরপর থেকেই সেখানে ইন্টারনেট ও মোবাইল সার্ভিস বন্ধ করে দেয়া হয়।
তবে সম্প্রতি কাশ্মীরে টুজি মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড চালু করা হয়। কিন্তু সোশ্যাল মিডিয়াসহ বেশকিছু সাইটে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা অব্যাহত থাকে।
জম্মু-কাশ্মীরে সোশ্যাল মিডিয়া ফের খুলে দেয়া নিয়ে এক নির্দেশনায় ভারতের স্বরাষ্ট্র দফতরের সচিব শালিন কাবরা বলেন, পোস্টপেইড মোবাইলে ইন্টারনেট সেবা মিলবে। প্রিপেইড মোবাইলে যদি পোস্টপেইডের নিয়ম মেনে সিম নেয়া হয় তবেই ইন্টারনেট পাওয়া যেতে পারে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট থেকে সব সাইট দেখা যাবে না।