দুর্নীতির দায়ে অভিযুক্ত হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 4:45 PM
দুর্নীতির দায়ে অভিযুক্ত হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী
জেরুজালেমের একটি আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাষ্ট্রপক্ষের মামলা থেকে তার সংসদীয় বিতর্কের আবেদন প্রত্যাহারের পর অভিযুক্ত হন তিনি।
মঙ্গলবার জেরুজালেমের একটি আদালতে ঘুষ গ্রহণ, বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার অভিযোগ দায়ের করেন ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল। সেসময়ে মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকে ছিলেন নেতানিয়াহু।
অভিযোগ গঠন করা হলেও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কোনো বাধ্যবাধকতা নেই। তবে বিরোধী নেতা বলেছেন, তিনটি ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে থাকা উচিত নয়।
এর আগে নেতানিয়াহু বলেন, দুর্নীতির অভিযোগ মামলা থেকে সংসদীয় দায়মুক্তির জন্য আবেদন প্রত্যাহার করে তিনি বিচার শুরুর পথকে সুগম করে দিয়েছেন। মঙ্গলবার ফেসবুকে মামলার আবেদন প্রত্যাহার নিয়ে এক বিবৃতি দেন তিনি। সেখানে তিনি বলেন, সংসদে মামলার বিতর্কটি একটি সার্কাস হতো আর তিনি কোনো নোংরা খেলায় অংশ নিতে চান না।
নেতানিয়াহু আরো বলেন, মামলার বিতর্ক আবেদন প্রত্যাহারের বিষয়টি আমি নেসেট স্পিকারকে জানিয়েছি।
আবেদন প্রত্যাহার করা সত্ত্বেও পার্লামেন্টে বিতর্ক হতে পারে বলে জানা গেছে। তবে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার চলতে এখন আর কোনো বাধা নেই। তার বিচারকাজ সম্পন্ন হতে কয়েক মাস অথবা কয়েক বছরও লাগতে পারে। তার বিরুদ্ধে আনা ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হলে তাকে ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া প্রতারণার অভিযোগে তার তিন বছর সাজা হতে পারে বলে জানা গেছে।সূত্র- আল জাজিরা