কক্সবাজারের পেকুয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
মামলার বাদী মোহাম্মদ আসলাম বরিশালের মুলাদী উপজেলার ডা. মো. ইয়াসিন মিয়ার ছেলে।
অভিযুক্ত ফাতেমা বেগম পেকুয়া সদর ইউপির ঘোনা এলাকার আবুল হাশেম আবুর মেয়ে।
মামলার এজাহারে বলা হয়েছে, ১০ মাস আগে ফাতেমা বেগমকে বিয়ে করেন আসলাম। বিয়ের পর থেকেই আরিফ, বেলাল, বাদশা, সাগরসহ কয়েকজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ফাতেমা। তাদের সঙ্গে বিভিন্ন সময় হোটেলেও রাত কাটান তিনি। এর প্রতিবাদ করায় আসলামকে মারধর করে টাকা-মোবাইল ছিনিয়ে নেয় স্ত্রীর প্রেমিকরা। এছাড়া আসলামের জমানো ৩৩ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে বাপের বাড়ি চলে যান ফাতেমা। ২৩ নভেম্বর তাকে আনতে গেলে ফাতেমা বেগম, তার মা নুরুনাহার, চাচাতো ভাই হানিফ বাদশা, জাহিদসহ কয়েকজন তাকে মারধর করে। পরে স্থানীয়দের সহায়তায় পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি হন আসলাম।
ভুক্তভোগী মোহাম্মদ আসলাম বলেন, স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় আমাকে মারধর ও হত্যার হুমকি দিয়েছে তার প্রেমিকরা। আমি এ বিষয়ে উপজেলা চেয়ারম্যানকে জানিয়েও বিচার পাইনি। পরে আদালতে মামলা করেছি।
পেকুয়া থানার এসআই ইয়াকুবুল ইসলাম ভূঁইয়া বলেন, আদালতের নির্দেশে মামলাটির তদন্ত করা হয়েছে। নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়েছে। কিন্তু মোবাইল-টাকা ছিনিয়ে নেয়ার সত্যতা পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।