বাজেট কম? তাতে কি! কম বাজেটে ভ্রমণ টিপসগুলো জেনে নিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 3 December, 2019, 5:21 PM
বাজেট কম? তাতে কি! কম বাজেটে ভ্রমণ টিপসগুলো জেনে নিন
ভ্রমণ করতে হুট করে লটারি জিততে হয়না যদি কিনা আপনি জানেন কিভাবে কোথায় টাকাটা খরচ করতে হবে। ভ্রমণ মানেই আপনি নিজের জায়গা থেকে অনেকটা দূরেই যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মাথায় রেখে ঠিকঠাক মতো গুছিয়ে বের হতে হবে।
তাছাড়া অনেকেই কম খরচে ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে খরচার ব্যাপারটাতো মাথায় রাখতেই হয়। পরিবার পরিজন নিয়ে ভ্রমণে বের হলে সেটা না চাইলেই ছাত্রজীবনে তো কম খরচে ভ্রমণই শ্রেয়! তাই ভ্রমণ করতে অন্যসব তথ্যের সাথে সাথেও কম খরচে ভ্রমণের উপায়টাও জানা চাই।
হঠাৎ করে ছন্নছাড়াভাবে অ্যারেঞ্জ করা ট্রিপগুলোতে অনেক ঝামেলা হওয়ার প্রচুর সম্ভাবনা থাকে। যেমন, উপযুক্ত থাকার জায়গা না পাওয়া, আসা–যাওয়ার ভালো যানবাহন না পাওয়া ইত্যাদি। একটি পরিকল্পনা করতে হবে। এর মানে এই না আপনাকে এটা নিয়ে অনেক বেশি ভাবনা-চিন্তা করতে হবে,ঘণ্টার পর ঘণ্টা প্ল্যানিং এ শেষ করবেন। আপনাকে কমপক্ষে এতটুকু মাথায় আনতে হবে আপনি যে শহরটি অথবা যে জায়গাটিতে যাবেন, সেই জায়গাগুলো সম্পর্কে ধারণা নিতে হবে এবং ম্যাপ সাথে রাখতে হবে, কোন জায়গায় কতটুকু সময় নিয়ে ঘুরবেন সেটা মাথায় রাখতে হবে। আর আগে থেকে ফ্লাইট অথবা বাসের এবং থাকার জায়গার টিকেট বুকিং দিয়ে রাখবেন, শেষমুহূর্তে এসে বিশেষ করে ট্যুরিস্ট সিজনে সবকিছুর দাম অনেক বেড়ে যায়।
২। দলগতভাবে ভ্রমণ করুন
যখন কোথাও ঘুরতে যাবেন আট দশজন বন্ধু বান্ধব নিয়ে ভ্রমণ করুন খরচ কমে যাবে। যদি গাড়ির পথ হয় এক গাড়িতে কতজন ঘুরতে পারবেন সে গুনিতকে ঘুরুন। যেমন যেখানে ঘুরতে যাবেন সেখানে নৌকায় ভ্রমণ আছে। সেটা আবার ব্যয় বহুল। সেখানকার নৌকাপ্রতি ৬ জন উঠতে পারে। তাহলে আপনি ৬ জন, ১২ জন অথবা ১৮ জনের দল তৈরী করুন। অথবা সিএনজি, প্রতি সিএনজিতে ৫ জন করে হলে ১০ কিংবা ১৫ জনের দল করুন।
৩। সুবিধা শেয়ার করুন
পর্যটন এলাকাগুলোতে বিভিন্ন ধরনের হোটেল ও সেবা থাকে। যেমন একটি সিঙ্গেল রুমের ভাড়া যদি ১ হাজার টাকা হয় হয়তো ডাবল রুমের ভাড়া হবে ১২শ, মানে জনপ্রিতি ৬শ টাকা। আবার যদি আপনি কক্সবাজার ভ্রমণ করেন সেখানে ডরমেটরী আছে পর্যটন কর্পোরেশন এর তার সিটভাড়া ৩০০ টাকা। ছাত্রদের জন্য যা খুব সাশ্রয়ী। কাছের বন্ধুরা মিলে ভ্রমণ করলে খাবারও শেয়ার করতে পারেন।
৪। অনলাইনের রিসোর্সগুলো রিসার্চ করে নিন
booking.com থেকে খুব সহজেই দেশের বাইরের যেকোনো জায়গার হোটেলের দাম, লোকেশন, ভেতরের রুমের আসল ছবি ইত্যাদির বেশ নির্ভরযোগ্য রিভিউসহ যত ধরনের তথ্য দরকার হয় সবকিছু পাওয়া যায় এবংঅনলাইনেই বুকিং দেওয়া যায়।
AirBnb-তেও এখন খুব ভালোভাবে এই অনলাইন বুকিং–এর সুবিধাটা পাওয়া যায় যেখানে আপনি অন্য কারো সাথে সাবলেট থাকতে পারেন বা আলাদা ভাড়াও নিতে পারেন। তবে AirBnb-তে বেশিরভাগ সময় আবার ক্রেডিটকার্ড লাগে, এটা মাথায় রেখে বুকিংটা করতে হবে।
এছাড়াও আছে priceline.com যেখান থেকে আপনি শেষ মুহূর্তে অসম্ভব সস্তায় খুব ভালো কোনো থাকার জায়গা, যাওয়ার মাধ্যম বা থাকা-খাওয়ার পুরো একটা প্যাকেজই বুক করে ফেলতে পারেন।
একদমই কোনো ঝক্কিঝামেলা না নিয়ে থাকা-খাওয়া আসা-যাওয়ার পুরো প্যাকেজ দিতে এখন হাতের কাছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি ছাড়াও আছে chologhuri.com, makemytrip.com-এর মতো নানান ওয়েবসাইট।
ফেসবুকে ‘Travelers of Bangladesh’ নামে একটা গ্রুপ আছে যেখানে অনেক মানুষের নির্ভরযোগ্য রিভিউ থেকে খুব সহজেই অনেক খুঁটিনাটি ব্যাপারে জানা যায়। shohoz.com থেকে দেশের ভেতর বাসের টিকেট কাটা যায় অনলাইনেই, কোনো ঝামেলা ছাড়াই।
৫। ট্যুরিস্ট সিজন আসার আগে বা পরে ভ্রমণ পরিকল্পনা করুন
মনে রাখবেন পিক সিজনে সবকিছুর দাম বেশী থাকে। শুধু তাই নয় কয়েকদিন আগে বুকিং দিতে চাইলে আপনি সিটখালি পাবেন না। তাই সিজন আসার আগেই হোটেল ও অন্যান্য যোগাযোগ করে বুকিং দিয়ে রাখুন। ২০-৩০ শতাংশ সাশ্রয়ী হতে পারে। তাই সিজন আসার আগে বা পরে ভ্রমণ করুন।
৬। ছুটির দিন বাদ দিয়ে ভ্রমণ করুন
ছুটির দিনে সব ভ্রমণ স্পটগুলোতে প্রচুর ভিড় হয়। ফলে সেদিন বাস টিকেট, হোটেলরুম ,খাবার দাবার স্থানীয় পরিবহন সবকিছুর চড়া মূল্য থাকে। আপনি যদি খোলার দিন ভ্রমণ করতে পারেন অফিস বা কর্মক্ষেত্র থেকে ছুটি নিয়ে ২/১ দিনের জন্য। দেখবেন সব জায়গায় কম দামে পাচ্ছেন। দেখা গেলো দরদাম করে হোটেলে রুম নিতে পারবেন। অনেকে ছুটি না নিয়ে ছুটির দিন ভ্রমণ করেন তাতে কিন্তু লোকসান বেশী হয়। তাই খোলার দিন ভ্রমণ করলে শুধু খরচ নয় আরো অনেক ঝামেলা থেকে রেহাই পেতে পারেন।
৭। আগেই বুকিং দিন
আপনি হাতে সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করুন। এবং হোটেল ও অন্যান্য সেবা সাম্ভাব্যক্ষেত্রে আগেই বুকিং দিয়ে রাখুন। অগ্রিম বৃকিং এর জন্য হোটেলগুলো কমদামে নিতে পারে। আপনি বিকাশের চেয়ে অনলাইনকে বেশী প্রায়োরিটি দেবেন তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবেনা। বেশীরভাগ মানুষেই সিদ্ধান্ত নিতে দেরী করেন। কেউ দোটানায় ভোগেন কক্সবাজার নাকি সাজেক যাবেন। এভাবে করে শেষ ,মুহুর্তে ঠিক করেন তখন সবকিছুর দাম বেড়ে যায়। সিদ্ধান্ত নেয়ার ভালো উপায় হলো রেনডম করা। এবার সাগরে গেলেন তো পরের বার পাহাড়ে গেলেন এবার কোনো দ্বীপে গেলেনতো পরের বার প্রত্নতাত্তিকস্থানে গেলেন এবার কোনো নদীর পাড়ে গেলেনতো পরের বার কোনো লোকালয় ভ্রশন করলেন।
৮। দরদাম করুন
পর্যটন স্থানগুলোতে জিনিসপত্রের দাম সব সময় উঠানামা করে মানে পর্যটক বেড়ে গেলে দাম বেড়ে যায়, লোক কমে গেলে দাম কমে যায়। তাই আপনি চাইলে দরদাম করে নিতে পারেন। খুব বেশী ক্রাইসিস না হলে কিছু সুবিধা পেয়েও যেতে পারেন। এছাড়া একেবারে মেইনরোড বাদ দিয়ে ছোটখাটো রাস্তার ধারে যেতে পারেন। অবশ্য যদি নিরাপত্তার আশংকা না থাকে।
৯। খাবারে কম খরচ করুন
কোথাও গিয়ে সেখানের দামী রেস্তোরায় না গিয়ে বা খুব ট্রেডিশনাল খাবার না খেয়ে চেষ্টা করুন লোকাল মার্কেট অথবা অপেক্ষাকৃত কমদামী রেস্তোরায় অল্পদামে এবং স্বাস্থ্যসম্মত খাবার খেতে। এছাড়া নানান জায়গায় হোস্টেল অথবা ডরমেটরী গুলোতে রান্নাঘরে প্রবেশ করতে দেয়া হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কিছু টাকা সেভ করতে পারেন হাল্কা পাতলা নিজে কিছু রান্না করে খেয়ে।
১০। অন্যভাবে পোষানোর চেষ্টা করুন
আপনি চাইলে সফরকে বিভিন্নভাবে পোষাতে পারেন। যেমন আপনি সুন্দরবন বেড়াতে গেলেন সেখান থেকে ৩০০ টাকা দামে ১০ কেজী মধু নিয়ে আসলেন। প্রতি কেজীতে ৫০,১০০ টাকা লাভ করে অফিসের কলিগ ও বন্ধুবান্ধবদের মাঝে বিক্রি করলেন, দেখা গেলো আপনি খরচের একটা অংশ সেখান থেকে তুলে নিলেন। তবে এক্ষেত্রে বিক্রি করতে পারবেন কিনা বা দাম তুলতে পারবেন কিনা সেটা আগেই ভেবে নেবেন।
১১। সরকারী রেস্ট হাউস ব্যবহার করুন
আপনি জানেন যে, বেসরকারী হোটেল মোটেল এর চেয়ে সরকারী গেষ্টহাউস ও বাংলোগুলোতে কম ভাড়ায় থাকা যায়। কোথায় ১০০ বা ২০০ টাকায়ও থাকতে পারবেন একরুমে। এজন্য অবশ্যই আগে থেকে যোগাযোগ করে বুকিং দিয়ে যাবেন। কোনো কোনো ক্ষেত্রে সরকারী রেফ দরকার হয়। যেমন আপনি যদি রেলওয়ের বাংলাতে থাকতে চান চট্টগ্রামে সেখানে হয়তো রেলওয়ের কারো রেফারেন্স প্রয়োজন হতে পারে। কখনো আগে থেকে যোগাযোগ না করে সরকারী হল পাবার আশা করবেন না।
১২। কমিউনিটি ট্যুরিজম এর সাহায্য নিতে পারেন
কম্যুউনিটি ট্যুরিজম হলো স্থাণীয় লোকজনের ট্যুরিজম সেবা। যেমন আপনি যদি সাজেক যেতে চান। সেখানে প্রধান হোটেলটির ভাড়া যেখানে প্রতিরাত ৫ হাজার টাকা সেখানে আপনি কোনো আদিবাসী বা উপজাতির বাসায় থাকলে আপনার ভাড়া পড়তে পারে ২০০ টাকা। না ভয় নেই আদিবাসীরা ঘর ভাড়া দেয় তারা পর্যটকের উপযুক্ত করেই তাদের ঘরগুলো তৈরী করে রাখে। এবং তাদের ঘরে খাবারের ব্যবস্থাও থাকে।
১৩। অন্যকাজের সাথে মিলিয়ে নিন
যদি সম্ভব হয় আপনি কক্সবাজার শুধু ভ্রমনের জন্য না গিয়ে অন্য কাজের সাথে ট্যাগ করে নিন। ধরে নিন অফিসের কোনো কাজে কক্সবাজার যাবেন। সূতরাং সেইসাথে ২ দিনের ছুটি নেয় কক্সবাজার ভ্রমণ করতে পারেন। হয়তো সবসময় সম্ভব হবে না। তবে অবশ্যই বিষয়টি আগে থেকে মাথায় রাখবেন। তা না হলে দেখা যাবে অন্য একজন ঠিকই সুযোগ নিলো আপনি ডিসেম্বরে কক্সবাজার যাবেন মনে করে বসে রইলেন।
১৪। ট্যুর ম্যানেজ করে এমন অপারেটরদের সাথে প্ল্যান করতে পারেন
যদিও অনেকে মনে করেন কোনো ট্যুর অপারেটর এর মাধ্যমে ভ্রমনে যাওয়া মানে বিশাল খরচ। আসলে তা নয়। বরং সেভাবেও আপনার খরচ কমতে পারে। তবে আপনাকে অবশ্যই ভালো ও পেশাদার অপারেটর খুজে নিতে হবে। ট্যুর অপারেটররা যে সেবা দেন সে একই মানের সেবা আপনি এককভাবে নিতে গেলে খরচ বেশীই পড়বে। অপারেটর দলগতভাবে প্ল্যান করেন, হোটেলে ছাড় পান এবং কয়েকমাস আগে বুকিং দিয়ে রাখেন বলে তিনি লাভ করতে পারেন।
একটু মাথা ঠাণ্ডা রেখে, বুদ্ধি খাটিয়ে যদি ব্যাগের সাথে সাথে নিজের মনটা আর সেই সাথে ভ্রমণটাও ঠিকঠাক গুছিয়ে নেওয়া যায়, তবে কাছের মানুষদের সাথে নিশ্চিন্তে নির্ঝঞ্ঝাটে একটা ট্রিপ দেওয়া যায়। আর এখনতো বাজেট নিয়েও আর কোনো ঝামেলা থাকছেনা। তাই আপনার ভ্রমণে বের হয়ে যাওয়াটা এখন কেবল মাত্র সময়ের ব্যাপার।