নিষেধাজ্ঞা তুলে দিল ভারত, সীমান্ত খুলে দিয়েছে মিয়ানমার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 November, 2019, 12:02 PM
নিষেধাজ্ঞা তুলে দিল ভারত, সীমান্ত খুলে দিয়েছে মিয়ানমার
দেশে নতুন পিয়াজ আসছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর ব্যবসায়ীরা নতুন পিয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে। মিয়ানমার, তুরস্ক, মিসর থেকেও নতুন পিয়াজ আসছে। কর্ণাটক রাজ্যে উৎপাদিত বেঙ্গালুরু জাতের পিয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও দেশটিতে পণ্যটির দরপতন ঠেকানো যাচ্ছে না। গতকাল বিভিন্ন রাজ্যে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে কেজিপ্রতি ৭ থেকে ৮ রুপিতে পেঁয়াজ বিক্রি হয়েছে।
ভারতে যখন পেঁয়াজে পানির দরে বিক্রি হচ্ছে সেখানে বাংলাদেশে পেঁয়াজের দাম ১৪০ টাকা কেজিতে। দেশের ব্যবসায়ী এবং সরকারের সংশ্লিষ্টরা বলছেন, এ অবস্থা থাকবে না, নতুন পিয়াজ এসে গেলে খুব দ্রুত পিয়াজের দাম কমে যাবে। দুয়েক দিনের মধ্যে ভোক্তারা কম দামে পিয়াজ কিনতে পারবেন বলে আশা করছেন তারা। কৃষকের চাপে গত ২৮ অক্টোবর কর্ণাটক রাজ্যে উৎপাদিত বেঙ্গালুরু পিয়াজের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত। দেশটির বাণিজ্য দফতরের বৈদেশিক বাণিজ্য শাখা এক আদেশে নভেম্বর মাসের জন্য শুধু ‘বেঙ্গালুরু গোলাপি পিয়াজ’ রপ্তানির অনুমতি দিয়েছে। ভারতের এই আদেশটি ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। প্রতি চালানে ৯ হাজার মেট্রিক টন করে শুধু চেন্নাই বন্দর দিয়ে এই পিয়াজ রপ্তানি করা যাবে।
এদিকে ভারতের পাশাপাশি পিয়াজ রপ্তানির জন্য সীমান্ত খুলে দিয়েছে মিয়ানমার। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগে বর্ডার ট্রেডের মাধ্যমে ৬০০ থেকে ৭০০ মেট্রিক টন পিয়াজ আমদানি করা যেত মিয়ানমার থেকে। এখন তারা প্রতি চালানে এক হাজার টন করে পিয়াজ দিতে চাচ্ছে। মিয়ানমারের পাশাপাশি মিসর ও তুরস্ক থেকে ৬০ হাজার মেট্রিক টন পিয়াজের চালান দুয়েক দিনের মধ্যে বন্দরে ভিড়বে। ফলে দ্রুত পিয়াজের দাম কমতে শুরু করবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য সচিব।