‘অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি করেছেন প্রধানমন্ত্রী’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 4:36 PM
‘অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি করেছেন প্রধানমন্ত্রী’
নিজস্ব কিছু লোকজন ও গোয়েন্দা সংস্থা দিয়ে দলে অনুপ্রবেশকারীদের একটি তালিকা তৈরি করেছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, আওয়ামী লীগ জাতীয় সম্মেলন সামনে রেখে অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি করা হয়েছে। জেলা থেকে শুরু করে প্রতিটি সম্মেলনে এ তালিকা ধরে অনুপ্রবেশকারীদের দল থেকে বাদ দেওয়া হবে। বিতর্কিত, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, অনুপ্রবেশকারী, ভূমি দখলকারীসহ অসাধু ব্যক্তিরা আওয়ামী লীগের কমিটিতে স্থান পাবে না।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনে বিতর্কিতদের যাতে অনুপ্রবেশ না ঘটে, সে জন্য সতর্ক আছি। নিজস্ব কিছু লোকজন ও গোয়েন্দা সংস্থা দিয়ে অনুপ্রবেশকারীদের একটি তালিকা তৈরি করেছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় কার্যালয়ে তালিকা পাঠিয়ে দিয়েছেন।এটি নিয়ে বিভাগীয় দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলোচনা করেছি। শাখা ও সহযোগী সংগঠনের সম্মেলনের ক্ষেত্রে তালিকা দেখেই ব্যবস্থা নেবেন, যাতে তালিকায় যাদের নাম আছে তারা আবারও অনুপ্রবেশ করতে না পারে।
এ ছাড়া আজই সব জেলায় গঠনতন্ত্র মেনে কমিটি গঠনের জন্য নির্দেশনা পাঠানো হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ওয়ার্ড, পৌরসভা ও মহানগরে কাউন্সিল হচ্ছে। অনেক স্থানে কাউন্সিল শেষ হয়েছে। ২০টি জেলায় সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সারাদেশে সংগঠনিক কর্মকাণ্ড জোরদার করা হয়েছে। এর আগে আমরা বিভাগীয় পর্যায়ে প্রতিনিধি সভা, রোর্ডমার্চ করেছি। ২২ বছর পর কুমিল্লা মহানগর কমিটি গঠন করা সম্ভব হয়েছে। এর আগে সেখানে কোনো কমিটি ছিল না। নারায়ণগঞ্জ, ফেনীসহ এ পর্যন্ত ৩০টি স্থানে ফুল কমিটি হয়েছে।
সড়ক পরিবহন আইন কার্যকর হলে দুর্ঘটনা কমবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন মন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনটি সংশোধন হচ্ছে বলে অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু শেষ পর্যন্ত সংশোধন ছাড়াই হুবহু কার্যকর হতে যাচ্ছে। আইনটি প্রয়োগে গেলেই জনস্বার্থে কার্যকারিতার বিষয়টি বোঝা যাবে।
চলমান শুদ্ধি অভিযান বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির এটি ভালো লাগার কথা নয়। ৫ বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা। বিএনপি দুর্নীতির আখড়া। তবে দেশবাসী ও বিশ্ব পর্যায়ে চলমান অভিযান প্রশংসিত হয়েছে।
সংবাদ সম্মেলনে যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন ।