|
যুবককে ৫ তলা থেকে ফেলে দেন স্ত্রী-শ্যালক, ভেঙেছে হাত-পা ও কোমরের হাড়
নতুন সময় প্রতিবেদক
|
![]() যুবককে ৫ তলা থেকে ফেলে দেন স্ত্রী-শ্যালক, ভেঙেছে হাত-পা ও কোমরের হাড় এতে সজীবের দুই হাত-পা, বুক ও কোমরের হাড় ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। সজীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের পরীক্ষাগারের সহকারী (ল্যাব অ্যাটেনডেন্ট)। তাকে আহত করার ঘটনায় তার বাবা মুন্নাফ প্রামাণিক বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সজীবের স্ত্রী শাহজাদী আক্তার (৩০) এবং শাহজাদীর দুই ভাই শাহাদত হোসেন ও শামছুদ্দিন শাওনকে আসামি করে উত্তরা পূর্ব থানায় মামলা করেছেন। মামলায় হত্যার চেষ্টাসহ দণ্ডবিধির আরও কিছু ধারা যুক্ত করা হয়েছে। মামলার বরাত দিয়ে উত্তরা পূর্ব থানা-পুলিশ জানায়, তিন বছর আগে সজীব প্রামাণিকের সঙ্গে শাহজাদীর বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। কিছুদিন আগে শাহজাদী উত্তরার ৪ নম্বর সেক্টরে তার বাবার বাসায় বেড়াতে যান। ১৮ জুন সজীব তার স্ত্রীকে সেখান থেকে তার বাসায় আনার জন্য শ্বশুরের বাসায় যান। পরদিন ১৯ জুন পারিবারিক বিষয়াদি নিয়ে শাহজাদীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এ সময় শাহজাদী তার দুই ভাইকে ডেকে আনলে তারা ক্ষুব্ধ হয়ে সজীবকে কিল, ঘুষি, লাথি মারতে থাকেন। তারা তাকে পেটাতে পেটাতে পঞ্চম তলার বারান্দায় নিয়ে যান। একপর্যায়ে বারান্দা থেকে সজীবকে নিচে ফেলে দেন। এতে তার দুই হাত-পা, বুক ও কোমরের হাড় ভেঙে যায়। পরে হামলাকারীরা সজীবকে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। শুক্রবার (২৬ জুন) এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, পঙ্গু হাসপাতালে গিয়ে সজীবের ১৬১ ধারায় জবানবন্দি নিয়েছেন। তার অবস্থা গুরুতর। ঘটনার পর এজাহারভুক্ত আসামিরা পালিয়ে গেছেন। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সজীব আজ কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, হামলাকারীরা মারধরের পর তাকে বারান্দার গ্রিলের ওপরের ফাঁকা জায়গা থেকে নিচে ফেলে দেন। এ সময় তিনি গ্রিল আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করলে সেখান থেকে তাকে নিচে ফেলে দেওয়া হয়। পরে সেখান থেকে তার স্ত্রীর ভাইয়েরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কাউকে না বলতে এবং মামলা না করতে ভয়ভীতি দেখান এবং শাসান। হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে ঠিক কী হচ্ছে?
যশোর কোতোয়ালী মডেল থানার উন্নয়নকাজ: মুক্তিযুদ্ধে পুলিশের স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, প্রতিস্থাপনের কথা জানাল পুলিশ
ঈদগড়ে সৃজন স্কলারশিপের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৩২ শিক্ষার্থীাও
চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
