সম্প্রতি 'নেচার' পত্রিকায় একটি সমীক্ষা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবদনে একদল গবেষক দাবি করেছেন, অন্তত দু'লাখ বছর আগে উত্তর বোতসোয়ানায় বিবর্তন ঘটে আধুনিক মানুষের জন্ম হয়েছিল।
আধুনিক মানুষের 'আদিপুরুষের বাসভূমি' ঠিক কোথায় ছিল, এতদিন তা এতটা নির্দিষ্ট করে জানা যায়নি। দীর্ঘদিন ধরে মনে করা হতো, দৈহিক গঠন অনুযায়ী (অ্যানাটমিকালি) আধুনিক মানুষের (হোমো সেপিয়েন্স ) উদ্ভাবন ঘটেছিল আফ্রিকায়। কিন্তু আমাদের প্রজাতির নির্দিষ্ট 'জন্মস্থান' অজানাই ছিল। আফ্রিকা মহাদেশের দক্ষিণে কালাহারি মরুভূমির দেশ বোতসোয়ানা। বিভিন্ন দেশের ঘেরা 'ল্যান্ডলকড' দেশ এটি। বিজ্ঞানীদের দাবি, বোতসোয়ানাই হলো আমাদের আদিপুরুষের জন্মভূমি।
বিজ্ঞানীরা বলছেন, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার আদি বাসিন্দা ২০০ খোশিয়ান গোষ্ঠীর মানুষের ডিএনএ-র নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদের দেহে প্রচুর মাত্রায় 'এল০' ডিএনএ রয়েছে।
এরপরে ডিএনএ পরীক্ষা থেকে পাওয়া তথ্য অন্য বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গে তুলনা করে দেখেন বিজ্ঞানীরা, যেমন ভৌগোলিক অবস্থান, প্রত্নতাত্ত্বিক বদল, জলবায়ু পরিবর্তনের প্রভাব।
গবেষকরা জানান, এভাবে একটি জিনগত 'টাইমলাইন' মেলে। দেখা যায়, ওই 'এল০' ডিএনএ-টি দু'লাখ বছর আগেও আফ্রিকার দক্ষিণে বোতসোয়ানায় জাম্বেজি নদী তীরবর্তী এলাকায় ছিল।
ওই গবেষণার অন্যতম গবেষক 'গ্যারভান ইনস্টিটিউট অব মেডিক্যাল রিসার্চ অ্যান্ড ইউনিভার্সিটি অব সিডনি'র অধ্যাপিকা ভেনেসা হেজ়।
তিনি জানান, এলাকাটির নাম 'ম্যাকগাডিকগাডি-ওকাভ্যাঙ্গো'। এক সময়ে এখানে একটি বড় হ্রদ ছিল। আকারে 'লেক ভিক্টোরিয়া'র দ্বিগুণ। তবে জায়গাটি এখন একেবারে মরুভূমি। দু'লাখ বছর আগে কোনও এক প্রাকৃতিক বিপর্যয়ে হ্রদটি জলাভূমিতে পরিণত হয়।
বিজ্ঞানীদের দাবি, এখানেই আধুনিক মানুষ বসবাস শুরু করেন। সূত্র : আনন্দবাজার