ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১১
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 June, 2026, 12:11 PM

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১১

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১১

ফিলিস্তিনি ছিটমহল গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভূখণ্ডটিতে শনিবার ইসরায়েলি হামলায় এক পরিবারের চারজন ও এক সাংবাদিকসহ অন্তত ১১ জন নিহত হয়েছে।

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল গাজায় একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস অভিযোগ করেছে, ইসরায়েল প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।

হামাসের কর্তৃত্বাধীন উদ্ধারকারী পরিষেবা সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, গাজা সিটির সাব্রা এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনে রাতে আকাশ হামলা চালায় ইসরায়েলি বাহিনী, এতে আল-সাফাদি পরিবারের চার সদস্য নিহত হয়। নিহতরা স্বামী, স্ত্রী ও তাদের দুই কন্যা। এই হামলায় আরও ১২ জন আহত হয়।

গাজা সিটির আল-শিফা হাসপাতাল সাফাদি পরিবারের দুই শিশুসহ চার সদস্যের মৃতদেহ গ্রহণের কথা নিশ্চিত করেছে।

নিহতদের স্বজন নায়েল আল-সাফাদি বলেন, (শনিবার) রাত প্রায় ২টার দিকে আমার চাচাতো ভাইয়ের পরিবার যখন ঘুমিয়ে ছিল তখন একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

আল-শিফা হাসপাতাল জানিয়েছে, গাজার উত্তরাংশে একটি চৌরাস্তার কাছে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত আরেক ফিলিস্তিনির মৃতদেহ তাদের এখানে আনা হয়েছে।

শনিবার পরে ইসরায়েলের বেশ কয়েকটি হামলায় ঘটনায় আরও ছয়জন নিহত হয়। এদের মধ্যে তিনজন নিহত হয় গাজার মধ্যাঞ্চলীয় বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায়, জানিয়েছে সিভিল ডিফেন্স। নিহতদের মধ্যে কাতারভিত্তিক আল জাজিরার স্থানীয় এক ফিলিস্তিনি সাংবাদিক রয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, নিহত আহমেদ উয়িশাহ চ্যানেলটির ফটো সাংবাদিক ছিলেন। তাদের সাংবাদিকদের বিরুদ্ধে ‘এ ধরনের অপরাধের ধারাবাহিকতা চলছে’ উল্লেখ করে এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে গণমাধ্যমটি।

অপরদিকে উয়িশাহকে হামাস সন্ত্রাসী বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে অন্য হত্যাকাণ্ডগুলোর বিষয়ে ইসরায়েলি বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত বছরের ১০ অক্টোবর গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১০১২ জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।

একই সময় ফিলিস্তিনিদের পাল্টা হামলায় তাদের পাঁচ সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status