সাকিবের কথা শুনতে শুনতে দু'চোখ গড়িয়ে অশ্রু নেমে এলো
সংবাদ সম্মেলনে সাকিবের কথা শুনতে শুনতে দু'চোখ গড়িয়ে অশ্রু নেমে এলো। এ অশ্রুর নাম ভালোবাসা। এ ভালোবাসার নাম সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান মানেই যে বাংলাদেশ। আমাদের কত কত আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছে সে। বিশ্ব ক্রিকেটে লাল-সবুজের পতাকা উড়িয়েছে দিনের পর দিন। আহা!
গত বিশ্বকাপে কি অসাধারণ পারফরমেন্সই না করেছিলো। অথচ আগামী টি-২০ বিশ্বকাপে পাওয়া যাবে এই ফরমেটের ফেরিওয়ালাকে! এক বছর পরে হয়তো আরো বীর দর্পে খেলবেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। কিন্তু এই ৩৬৫ দিন নিজেকে কিভাবে সামলাবেন তিনি। ইনজুরি নিয়েও যিনি ম্যাচের পর ম্যাচ খেলে গেছেন। যিনি দেশকে ছাড়িয়ে আইপিএল, সিপিএল, বিশ ব্যাশ, কাউন্টি'সহ বিশ্বের বড় বড় লীগগুলোতে রান-উইকেটের উৎসবে মেতেছেন বছরের পর পর। তিনি কিভাবে থাকবেন ব্যাট-বল ছাড়া!
ঘরের কোনে পড়া থাকা ব্যাট-প্যাডগুলো নিশ্চয়ই সাকিবের জন্য হাহাকার করবে, কাঁদবে, স্পর্শ পেতে চাইবে। কিন্তু সাকিব যে এখানে অসহায়। হঠাৎ হঠাৎ হয়তো ইচ্ছে করবে ব্যাট হাতে মাঠে নামতে, চার-ছক্কার ফুলঝুড়ি ফোটাতে। কিন্তু পরক্ষণেই সাকিব বাধা পড়ে যাবেন সময়ের জালে। ছোট্ট আলাইনা যখন সাকিবকে বলে বসবে, 'বাবা তুমি আজকে খেলতে যাবা না? আজ কিন্তু আমি তোমার খেলা দেখতে যাবো?' সাকিব তখন কি জবাব দিবেন! ভেতরে ভেতরে পুড়ে যাবেন। চোখের কোনে জল জড়ো হবে। তখন মুখ ঘুরিয়ে হয়তো অন্য কোনো গল্পে নিয়ে যাবেন মেয়েকে।
যে গল্পের আড়ালে ভেসে উঠবে ছোট্ট এই ভুলের গল্প। ম্যাচ ফিক্সিং করেননি। টাকার লোভে নিজেকে, দেশকে বিক্রি করে দেননি। অবিচল থেকেছেন লাল-সবুজের প্রেমে। কিন্তু নিজের ব্যক্তি জীবনের মতো হেয়ালীপনা করেছেন এখানেও। সাকিব হয়তো ভেবেছিলেন আমি তো খারাপ কিছু করিনি। আমি তো কোনো অন্যায় করিনি। কি আর হবে? সামান্য একটি ভুল, ছোট্ট একটি আড়াল ৩১৫৩৬০০০ সেকেন্ডের জন্য মাঠের বাইরে নিয়ে গেলাে সাকিবকে। ক্রিকেটে বাংলাদেশের বিজ্ঞাপন সাকিব। এই বিশ্বের অনেক বড় তারকা তিনি। অনেক বড় মানুষ। আর বড় মানুষদের জীবনটাই বেশি কঠিন, বেশি নিষ্ঠুর। তিল পরিমাণ ভুলেই অনেক কিছু শেষ হয়ে যায় তাঁদের।
খারাপ লাগছে, খুব খারাপ। মনে হচ্ছে কেউ আমার বাংলাদেশকে জোরে একটা ধাক্কা দিয়েছে। সেই ধাক্কায় কেঁপে উঠেছে টেকনাফ থেকে তেতুলিয়া।
সাকিব আজ সংবাদ সম্মেলনে বলেছেন, 'সবার সমর্থন থাকলে আমি আরো ভালভাবে ক্রিকেটে ফিরতে পারবো।' এই বিশ্বাস জেগে থাকুক সাকিবের ভেতরে। এই সময়ে সবার সমর্থন সাকিবের সবচেয়ে বেশি প্রয়োজন। চলুন আমরা দুঃসময়ের সাকিবের পাশে আরো জোরালো ভাবে, আরো প্রকটভাবে থাকি। যেভাবে সাকিবে বুদ হয়ে ছিলাম তার জেতানো ম্যাচগুলোতে। মানুষটা সাকিব আল হাসান। বিশ্বসেরা। তাই মনের ভেতরের বিশ্বাসেরা বারবার বলে উঠছে-'তুমি অপরাজেয়, তুমি বাংলার অহংকার/জানি তোমার হাত ধরে বিজয় আসবে আবার।'