কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যে চলছে চরম উত্তেজনা। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগামে সন্ত্রাসবাদীদের গুলিতে ৫ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১ জন। হতাহতরা পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। জানা গেছে, ওই ব্যক্তিরা জীবিকার তাগিদে কাশ্মীরে গিয়েছিলেন। কাশ্মীর পুলিশ সূত্র বলছে, মঙ্গলবার সন্ধ্যায় শ্রমিকদের লক্ষ্য করে সন্ত্রাসবাদীরা গুলি চালালে, ৫ শ্রমিক নিহত হন। প্রাথমিক খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে, নিহতরা বাংলার বাসিন্দা। তবে, তাঁদের নাম-ধাম বিশদ এখনও কিছু জানা যায়নি। যিনি আহত হয়েছেন, তাঁর নাম জহুরুদ্দিন। এই ঘটনার পরপরই জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে সুরক্ষা বাহিনী।
কাশ্মীর পুলিশ সূত্রে খবর, নিহতদের নাম মানসুলিন শেখ, কামারউদ্দিন শেখ, শেখ রফিক, নইমুদ্দিন ও রফিকুল্লা শেখ। এঁদের প্রত্যেকেরই বাড়ি মুর্শিদাবাদের সাঘরদিঘিতে। জানা গেছে, দিনমজুরের কাজ করতেই পশ্চিমবঙ্গ থেকে কাশ্মীরে গিয়ে রয়েছেন জহুরুদ্দিন। কুলগামের কাতরাসু গ্রামে বাড়িভাড়া নিয়ে থাকেন। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বাড়িতে গিয়ে পায়ে গুলি করে জঙ্গিরা। অস্ত্রোপচার করে তাঁর পায়ের গুলি বের করা হয়েছে।