সাকিবকে আইনগত সহায়তা দিতে প্রস্তুত ব্যারিস্টার মোস্তাফিজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 10:56 AM
সাকিবকে আইনগত সহায়তা দিতে প্রস্তুত ব্যারিস্টার মোস্তাফিজ
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে আইনগত সহায়তা দিতে প্রস্তুত আছেন ক্রিকেট আইন বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। তিনি আজ মঙ্গলবার তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় কালের কণ্ঠকে বলেন, আমি একজন পেশাদার আইনজীবী। মানুষকে আইনগত সহায়তা দেওয়াই আমার কাজ।
তিনি বলেন, আমি সাকিব আল হাসানের আইনজীবী নই। তারপরও তিনি যদি আইনগত সহায়তা চান এবং তাকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে যদি স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিবন্ধকতা না থাকে তবে তাকে সহযোগিতা করতে প্রস্তুত আছি।
তিনি বলেন, আজই মঙ্গলবার বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা পড়ে জানতে পেরেছি যে, সাকিব আল হাসানের সঙ্গে আন্তর্জাতিক এক জুয়াড়ির কথোপকথন হয়েছে, যা আইসিসির হাতে এসেছে। যতটুকু জানতে পেরেছি যে, সাকিব আল হাসান সরাসরি জড়িত ছিলেন না। তবে তিনি বিষয়টি আইসিসিকে জানাননি। এটাই তার অপরাধ। একারণে তার বিরুদ্ধে আইসিসি ব্যবস্থা নিয়েছে বলে আজ বিকেলে আমার একজন বন্ধুর মাধ্যমে জানতে পেরেছি।
তিনি বলেন, আমি বলবো, আইসিসি আইনে যদি এই সাজার বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকে, তবে তার বিরুদ্ধে সাকিব আল হাসানের আপিল করা উচিত।
তিনি বলেন, সাকিব আল হাসানের বিষয়টি নিয়ে স্যোসাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে। এর পেছনে অনেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পৃক্ততা রয়েছে বলে প্রচার করছেন। তাদের এই বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন বলে মনে করি। আমি মনে করি, সাকিবের যে সাজা হয়েছে সেটা আইসিসি করেছে। এরসঙ্গে বিসিবির কোনো সম্পৃক্ততা নেই।
উল্লেখ্য, কয়েকদিন আগে ক্রিকেটারদের আন্দোলন নিয়ে তাদের পক্ষে আইনজীবী হিসেবে সংবাদ সম্মেলন করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। সূত্র- কালের কন্ঠ