ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাবির গ্রাফিতিতে নীরব প্রতিবাদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 October, 2019, 9:03 PM

ঢাবির গ্রাফিতিতে নীরব প্রতিবাদ

ঢাবির গ্রাফিতিতে নীরব প্রতিবাদ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর ছাত্রলীগের নানা অপকর্ম ও নির্যাতনের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। ফেসবুকে ‘মি টু’ হ্যাশট্যাগ দিয়ে নির্যাতিত শিক্ষার্থীরা নির্যাতনের বিভিন্ন তথ্য জনসম্মুখে আনেন। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে বিভিন্ন সময় নির্যাতনের শিকার শিক্ষার্থী, খুন ও পঙ্গুত্ব বরণ করা শিক্ষার্থীদের ছবি গ্রাফিতির মাধ্যমে দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলেছেন কিছু শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), কলাভবন, ডাকসু ভবন, সামাজিক বিজ্ঞান ভবন, কার্জন হলসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানের দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি লক্ষ্য করা গেছে। দেয়াল অংকনের মাধ্যমে প্রতিবাদের নতুন এ ভাষা যেন সবার নজর কেড়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পেছনের দেয়ালে ছাত্রলীগের হাতে খুন হওয়া চার শিক্ষার্থী এবং চোখ হারানো এহসানের গ্রাফিতি রয়েছে। পাঁচজনের চিত্রের পর মানুষের চিহ্ন-সম্বলিত একটি চিত্রে ‘You Could be next’ (পরবর্তীতে হতে পারেন আপনিও) লেখা রয়েছে। লেখাটি অনেক শিক্ষার্থীর মনে শঙ্কার দাগ ফেলছে। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা যারা নতুন হলে এসেছেন, তাদের মধ্যে এমন শঙ্কা গভীরভাবে দেখা দিয়েছে।

ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের প্রোগ্রাম ও প্রটোকলে যোগ দিতে মূলত প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বাধ্য করা হয়। না গেলে রাতে হলের অতিথি কক্ষে কারণ দর্শানোর জন্য ডাকা হয়। সেখানে সন্তোষজনক উত্তর দিতে না পারলে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়। অনেককে মেরে ফেলার হুমকিও দেয়া হয়।

ঢাবির গ্রাফিতিতে নীরব প্রতিবাদ

ঢাবির গ্রাফিতিতে নীরব প্রতিবাদ


জানা গেছে, গত কয়েক বছরে ঢাবিতে ছাত্রলীগ দ্বারা নির্যাতিত শিক্ষার্থীর সংখ্যা আড়াইশ ছাড়িয়েছে। তবে এসব নির্যাতনের ঘটনায় কোনো বিচার হয়নি। ফলে নির্যাতনের ঘটনা বেড়েছে, বেড়েছে নির্যাতিত শিক্ষার্থীর সংখ্যাও।

ভুক্তভোগীরা জানান, বড় কোনো নির্যাতনের ঘটনা ঘটলে দায়ীদের বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ দুই বা এক বছরের জন্য বহিষ্কার করা হয়। বেশির ভাগ ক্ষেত্রে সাময়িক বহিষ্কার হওয়ায় অপরাধীকে আর শাস্তি পেতে হয় না। আর একবার অপরাধ করে মাফ পেয়ে গেলে তারা আরও বেপরোয়া হয়ে ওঠেন।

সংশ্লিষ্টরা জানান, ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছাত্রলীগের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মারাত্মক জখম হয়েছেন শতাধিক শিক্ষার্থী। নিহত ও আহত শিক্ষার্থীদের নিয়েই ঢাবির দেয়ালে দেয়ালে অলঙ্কিত হয়েছে নীরব প্রতিবাদ।

গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয়েছে যাদের ছবি-

>> ২০১০ সালের ১ ফেব্রুয়ারি এফ রহমান হলে সিট দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু বকর সিদ্দিক। আহতবস্থায় ২ ফেব্রুয়ারি মারা যান আবু বকর।

ঢাবির গ্রাফিতিতে নীরব প্রতিবাদ

ঢাবির গ্রাফিতিতে নীরব প্রতিবাদ


নিহত আবু বকরের বাবা একজন দিনমজুর। নিজেই নিজের পড়ালেখার খরচ চালাতেন আবু বকর। তার বিভাগে তিনি সর্বোচ্চ ফলাফল করার কৃতিত্ব দেখান। তবে আবু বকরের কোনো খুনির বিচার হয়নি, বরং ছাত্রলীগের ১০ নেতা পরবর্তীতে বেকসুর খালাস পান।

>> ২০১২ সালের ৯ ডিসেম্বর তৎকালীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলার সময় বাহাদুর শাহ পার্কের সামনে শিবিরকর্মী সন্দেহে বিশ্বজিৎ দাসকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি কাজী নজরুল ইসলাম কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ২১ জন আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ডের রায় হয়েছে।

>> ২০১৬ সালে মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী হাফিজুর মোল্লা ‘গেস্ট রুম’ কর্মসূচিতে গিয়ে শীতের রাতে দাঁড়িয়ে থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হন। ৬ ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় তিনি মারা যান।

নিহত হাফিজের বাবা ভ্যানচালক ছিলেন। মৃত্যুর পর তারা বাবার হাতে চার লাখ টাকা তুলে দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো বিচার হয়নি।

ঢাবির গ্রাফিতিতে নীরব প্রতিবাদ

ঢাবির গ্রাফিতিতে নীরব প্রতিবাদ


>> ক্যালকুলেটর ধার দিয়ে ফেরত চাওয়ায় দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এহসান রফিককে ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি নির্যাতন করেন ছাত্রলীগের সাত নেতা। এতে তার এক চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়। পরে নির্যাতনের ভয়ে আর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সাহস দেখাননি তিনি। বর্তমানে এহসান রফিক মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

ওই ঘটনায় দায়ীদের কয়েকজনকে সাময়িক শাস্তি দেয়া হয়। বর্তমানে তারা বহাল তবিয়তে রয়েছেন।

ঢাবিতে ছাত্রদের ১৩ হলের কোনোটিতে প্রশাসনের নিয়ন্ত্রণ নেই। ছাত্রলীগ যেভাবে চাই সেভাবেই চলে হল। এর মধ্যে কয়েকটি হলে প্রশাসন রুম বরাদ্দ দিতে পারলেও শিক্ষার্থীদের বরাদ্দকৃত রুমে ওঠাতে পারেন না। এখানে ছাত্রলীগের নেতারাই সর্বেসর্বা। ফলে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের চেয়ে ছাত্রলীগ নেতাদেরই মুখাপেক্ষী হচ্ছেন।

এছাড়া ক্যাম্পাসে বা হলে কোথাও কোনো ধরনের নির্যাতনের অভিযোগ উঠলে প্রশাসন তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করে। তবে এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়নি।

এ বিষয়ে ডাকসুর ভিপি নুরুল হক নুর প্রশাসনের সমালোচনা করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সরকারদলীয় ছাত্র সংগঠনের পক্ষে কাজ করেন। এ কারণে সরকারদলীয় ছাত্রসংগঠনের নেতাকর্মী যে কারও ওপরই হামলা বা নির্যাতনের সাহস দেখান। প্রশাসনকে নিজের মনে করায় তারা যেকোনো আগ্রাসী কর্মকাণ্ড পরিচালনায় কুণ্ঠাবোধ করেন না।

ঢাবির গ্রাফিতিতে নীরব প্রতিবাদ

ঢাবির গ্রাফিতিতে নীরব প্রতিবাদ


‘আজ বিচার বিভাগও স্বাধীনভাবে কাজ করতে পারে না। স্বাধীনতার পর থেকে ১৫১ শিক্ষার্থী নিজ ক্যাম্পাসে খুন হয়েছেন। কোনো খুন বা নির্যাতনের বিচার না হওয়ায় নির্যাতনের মাত্রা বেড়েই চলছে। নির্যাতন বন্ধে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হতে হবে।’

ছাত্র নির্যাতনের সর্বোচ্চ শাস্তি বহিষ্কার

বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের প্রমাণ পেলে কর্তৃপক্ষ অভিযুক্তদের বহিষ্কার ছাড়া অন্য কোনো শাস্তি দিতে পারেন না। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী জাগো নিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী অপরাধমূলক কর্মকাণ্ড করলে বিশ্ববিদ্যালয় তদন্ত-সাপেক্ষে অভিযুক্ত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেন। এছাড়া এ ধরনের কাজ নিরুৎসাহিত করতে অভিযুক্তদের পরিবারে চিঠি দেয়া এবং শিক্ষার্থীদের এসব কাজ থেকে বিরত রাখতে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status