ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
প্রচারণা ও আবাসন সংকটে বিদেশি শিক্ষার্থী টানতে ব্যর্থ জবি, দুই দশকে ভর্তি মাত্র ৬ জন
জবি প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 November, 2026, 7:49 PM

প্রচারণা ও আবাসন সংকটে বিদেশি শিক্ষার্থী টানতে ব্যর্থ জবি, দুই দশকে ভর্তি মাত্র ৬ জন

প্রচারণা ও আবাসন সংকটে বিদেশি শিক্ষার্থী টানতে ব্যর্থ জবি, দুই দশকে ভর্তি মাত্র ৬ জন

প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরিতে অনেকটাই পিছিয়ে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে সাতটি অনুষদ, ৩৮টি বিভাগ এবং দুটি ইনস্টিটিউটে প্রায় ১৮ হাজার দেশীয় শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও বিদেশি শিক্ষার্থী আকর্ষণে উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল পর্যায়ে সব মিলিয়ে মাত্র ছয়জন বিদেশি শিক্ষার্থী এখানে ভর্তি হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের তথ্যমতে, বর্তমানে জবির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে একজনও বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত নেই। সর্বশেষ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য নেপালের একজন শিক্ষার্থী মনোনীত হলেও তার ভর্তি প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। এর আগে এমফিল সম্পন্ন করেছেন মাত্র দুজন—২০২১-২২ শিক্ষাবর্ষে আইন বিভাগ থেকে ভারতের শিব শংকর ব্যানার্জি এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ফার্মেসি বিভাগ থেকে নাইজেরিয়ার ছাম্মেত সানি এমির।

অন্যদিকে, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এ পর্যন্ত চারজন বিদেশি শিক্ষার্থী ভর্তি হলেও তাদের কারোরই পড়াশোনা শেষ করার সুনির্দিষ্ট তথ্য নেই। ২০২০-২১ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে ভর্তি হওয়া চীনের দুই শিক্ষার্থী লিন জিপু ও ম্যা ডিউ জিয়া কোর্স শেষ না করেই নিজ দেশে ফিরে যান।

 এর আগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে গণিত বিভাগে ইয়ো রুকজিয়া এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে কুইন উইজিয়াও ভর্তি হয়েছিলেন। তবে তারা ডিগ্রি সম্পন্ন করেছেন কি না সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।

চীনের দুই শিক্ষার্থীর মাঝপথে ফিরে যাওয়ার বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তানিয়া তাহমিনা জানান, ক্লাস ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছিল এবং তিনি নিজেও তাদের একটি কোর্স পরিচালনা করছিলেন। তবে ওই সময় বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্বে না থাকায় তাদের চলে যাওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

সংশ্লিষ্টদের মতে, প্রতি বছর স্নাতক প্রথম বর্ষে প্রায় দুই হাজার ৮০০ শিক্ষার্থী ভর্তি হলেও বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে জবিতে চরম অনীহা কাজ করছে। এর পেছনে পর্যাপ্ত আবাসন ও আর্থিক সুবিধার অভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা, ভাষাগত প্রতিবন্ধকতা, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রচারণার ঘাটতিকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

বিদেশি শিক্ষার্থী ভর্তি ও আন্তর্জাতিক র‍্যাংকিং বৃদ্ধির লক্ষ্যে উপাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হলেও নিয়মিত সভা না হওয়ায় কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে বলে অভিযোগ রয়েছে। ঐ কমিটির সদস্য ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদ হোসেন খান মনে করেন, বিদেশি শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা ও উপযুক্ত আবাসন নিশ্চিত করা জরুরি। 

তিনি নতুন নির্মাণাধীন আবাসিক হলগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা ব্লক বরাদ্দের পরামর্শ দিয়ে বলেন, দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রচুর বিদেশি শিক্ষার্থী পড়লেও জবি কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ ও প্রচারণার অভাবে বাইরের দেশের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতেই পারছেন না।

এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জানান, বিদেশি শিক্ষার্থী বাড়ানোর লক্ষ্যে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আপাতত বিদেশি শিক্ষার্থীদের জন্য কোনো বৃত্তি চালুর পরিকল্পনা না থাকলেও প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বার্তা পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status