|
বিয়ের কাবিননামা নেই, নারী নির্যাতনের তদন্ত করতে চায় না পুলিশ
নতুন সময় ডেস্ক
|
![]() বিয়ের কাবিননামা নেই, নারী নির্যাতনের তদন্ত করতে চায় না পুলিশ চলতি বছরের ১০ অক্টোবর নারায়ণগড় থানায় স্বামী শ্যামলকুমার মাইতি, শ্বশুর ও শাশুড়ির নামে অভিযোগ দায়ের করেন অপর্ণা। তার দাবি, ২০০৬ সালে বিয়ের পর থেকেই যৌতুকের বাকি টাকা চেয়ে চাপ দেওয়া হচ্ছিল। মেয়ে হওয়ার পর আরো এক লাখ টাকা দাবি করে শ্বশুরবাড়ির লোকজন। অপর্ণার পরিবার তা দিতে পারেনি। তার জেরে শুরু হয় মারধর। ৯ অক্টোবর মারধর করে তাকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয় বলেও অপর্ণার অভিযোগ। তিনি কোনো রকমে পালিয়ে বাপের বাড়িতে চলে যান। অপর্ণার বাবা পূর্ণচন্দ্র দাস অধিকারী ও বাড়ির অন্যরা অপর্ণাকে প্রথমে সবং হাসপাতাল এবং পরে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করান। তার পর বাপের বাড়িতেই আছেন অপর্ণা। ১০ বছরের মেয়ে ও সাত বছরের ছেলে অবশ্য রয়েছে শ্বশুরবাড়িতে। অপর্ণা বলেন, স্বামী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। টাকার জন্যই অত্যাচার চলত। ৯ তারিখ মারধরের পর ১০ অক্টোবর নারায়ণগড় থানায় নারী নির্যাতনের অভিযোগ জানান অপর্ণা। কিন্তু পুলিশ পাল্টা বিয়ের কাবিন চাইছে এবং তদন্তে গড়িমসি করছে বলে অপর্ণার বাড়ির লোকদের অভিযোগ। অপর্ণার ভাই হরিচরণ দাস অধিকারী বলেন, পুলিশে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। বোনের বিয়ের শংসাপত্র চাইছে পুলিশ। সামাজিক ভাবে বিয়ে হয়েছে। শংসাপত্র কোথায় পাব? পুলিশ বলছে, ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর নিয়ম মেনেই চাওয়া হয়েছে বিয়ের শংসাপত্র। খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী সামসুদ্দিন আহমেদও বলেন, নারী নির্যাতনের অভিযোগের ক্ষেত্রে বিয়ের প্রমাণপত্র তো লাগবেই। পুলিশের ব্যাখ্যা, অভিযোগকারি বিবাহিত কিনা সেই প্রমাণ না পেলে তো বধূ নির্যাতনের তদন্ত করা সম্ভব নয়। বিয়ের শংসাপত্র না থাকলে ভোটার পরিচয়পত্র বা আধার কার্ডেও কাজ চলতে পারে। সব কিছু খতিয়ে দেখে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে নোটিস পাঠানো হয়। সময়সীমার মধ্যে অভিযুক্ত সাড়া না দিলে তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করা হয়। এ ক্ষেত্রে অভিযুক্তকে এরই মধ্যেই নোটিস পাঠানো হয়েছে বলে নারায়ণগড় থানা পুলিশের দাবি।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
