ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পেশাগত দক্ষতা ও সততার বিকল্প নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 1:25 PM

পেশাগত দক্ষতা ও সততার বিকল্প নেই

পেশাগত দক্ষতা ও সততার বিকল্প নেই

সামরিক ও বেসামরিক বিমান চলাচলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ উড্ডয়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মনে রাখবেন, পেশাগত দক্ষতা ও সততার কোনো বিকল্প নেই। আর দেশের মান-মর্যাদাও এর সঙ্গে জড়িত।

বুধবার ষষ্ঠ আন্তর্জাতিক ফ্লাইট সুরক্ষা সেমিনার-২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজধানীর একটি হোটেলে যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ।

এ সময় বিমান বাহিনী ও বিমানে ভ্রমণে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের গৃহীত পদক্ষেপগুলো বিমান ভ্রমণকে আরও সহজতর করবে। পৃথিবীর আরও অনেক দেশের সঙ্গে নতুন নতুন রুট সৃষ্টিতে সহায়তা করবে। সেইসঙ্গে আমাদের পর্যটন শিল্পের দ্রুত বিকাশ ঘটবে বলে আমরা আশাবাদী।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিমান ভ্রমণ নিরাপদ, আরামদায়ক ও সহজতর করতে আমরা বদ্ধপরিকর। এ জন্য আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল স্থাপন করছি। এর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এটা বাস্তবায়িত হলে এখন আমরা যে পরিমাণ যাত্রীসেবা দিতে পারি, আগামীতে এর আড়াইগুণ বেশি অর্থাৎ বছরে প্রায় ১২ মিলিয়নের বেশি যাত্রীসেবা দেয়া সম্ভব হবে।

তিনি বলেন, আমরা কক্সবাজার বিমানবন্দরকে আরও উন্নত ও আন্তর্জাতিক মানের করতে চাই। এ ছাড়া বাগেরহাটে আমাদের আরও একটি বিমানবন্দর নির্মাণ করারও লক্ষ্য আছে। ইতোমধ্যে বিমানবাহিনীতে স্টেট অব আর্থ-থ্রিডি হেলিকাপ্টার সিসুলেট স্থাপন করা হয়েছে, যা থেকে আমাদের পাইলটরা রিয়েল টাইম ফ্লাইংয়ের অভিজ্ঞতা অর্জন করে বিশেষভাবে উপকৃত হচ্ছেন।

শেখ হাসিনা বলেন, গত পৌনে ১১ বছরে বিমানবহরে আমরা বোয়িং কম্পানির চারটি অত্যাধুনিক ড্রিম লাইনারসহ মোট ১০টি বিমান সংযুক্ত করেছি। আরও দুটি ক্রয় করার প্রস্তুতি নিয়েছি। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে, আমরা বিশ্বের সঙ্গে আকাশ পথের যোগাযোগ স্থাপন করতে চাই। সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করি, নিউইর্য়ক, টরেন্টো, সিডনির মতো দূরবর্তী গন্তব্যে ফ্লাইট পরিচালনা করতে পারবো। এ ব্যাপারে আমরা আগ্রহী। এ লক্ষ্যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে ক্যাটাগরি-১ এ উন্নতকরণের কাজ এগিয়ে চলছে।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বিমানবাহিনী এবং বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করে নিরাপদ বিমান উড্ডয়ন, অবতরণ নিশ্চিত করে যাচ্ছে। এতে আমাদের বিমান চলাচলের ক্ষেত্রে পারস্পরিক প্রশিক্ষণ ব্যবস্থাপনা ও পরিচালনার এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। পর্যায়ক্রমে উন্নত যুদ্ধবিমান, র‌্যাডার ও অন্যান্য সরঞ্জামাদি ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হবে। পাশাপাশি বাংলাদেশ বিমানকে আধুনিকীকরণের জন্য নানাভাবে কাজ করে যাচ্ছি। নতুন র‌্যাডার স্থাপন থেকে শুরু করে আরও অন্যান্য পদক্ষেপ আমরা নিচ্ছি।

তিনি বলেন, এ বছর ২৮ ফেব্রুয়ারি আমরা জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয় বিল পাস করেছি। আমরা এ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছি, কারণ বিশ্বমানের এভিয়েশন শিক্ষা প্রদানের লক্ষ্য আমরা অর্জন করতে চাই। এটা হবে লালমনিরহাটে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০১১ সালে বঙ্গবন্ধু অ্যারোনোটিক্যাল সেন্টার স্থাপন করেছি। নিটক ভবিষ্যতে এ সেন্টারে যুদ্ধাবিমানসহ ব্যবহৃত বিমানও মেরামত করা সম্ভব হবে বলে আমরা আশা রাখি।

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিকমানের করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা আমাদের পাশের দেশ যেমন- নেপাল, ভুটান ও ভারতের সঙ্গে বিমান যোগাযোগ আরও সহজতর করতে চাই। ওই দেশগুলোও যাতে প্রয়োজনে ব্যবহার করতে পারে এ জন্য সৈয়দপুর বিমানবন্দরকে একটি আঞ্চলিক বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে চাই। ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি, যা আন্তর্জাতিকমানেরই একটি বিমানবন্দরে উন্নতি হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status