|
অভিনেত্রীদের আইডি হ্যাক করে টাকা আদায় করা সেই মাসুদ গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
|
![]() অভিনেত্রীদের আইডি হ্যাক করে টাকা আদায় করা সেই মাসুদ গ্রেফতার ২৩ বছরের সামির আল মাসুদ এ সময়ের জনপ্রিয় অন্তত ৩০ জন অভিনেত্রী ও মডেলের ফেসবুক আইডি নিয়ন্ত্রণে নেন। এদের অনেকে আবার টাকা দিয়ে নিজেদের আইডি ফেরত পেয়েছে। এসব মডেল-অভিনেত্রীদের অনেককেই ফেসবুক ইনবক্সে আপত্তিকর ছবি ও তথ্য পাঠিয়ে মোটা অংকের অর্থ আদায় করেছেন। সবশেষ এই হ্যাকারের আক্রমণের শিকার হন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া। তার ফেসবুক আইডি দখলে নেয়ার পর টাকাও দাবি করেন মাসুদ। তবে হ্যাকারকে দশ হাজার টাকা দিলেও নিজের আইডি ফেরত পাননি মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম রানারআপ। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের শরণাপন্ন হন নিশাত। রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলাও করেন। সেই মামলায় বুধবার (২৯ মে) ঢাকার খিলক্ষেতের একটি বাসা থেকে সামির আল মাসুদকে গ্রেফতার করে সাইবার ক্রাইম বিভাগ। সাইবার ক্রাইম সূত্রে জানা যায়, জনপ্রিয় তরুণ চলচ্চিত্র অভিনেত্রী পূজা চেরি, টিভি অভিনেত্রী শারলিনা হোসেন, শাহতাজ মুনিরা হাশেম, উপস্থাপিকা ও মডেল মারিয়া নূর এবং এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকারের ফেসবুক আইডিও নিজের নিয়ন্ত্রণে নিয়েছিল হ্যাকার সামির আল মাসুদ। পরে টাকা দাবি করে এসব মডেল-অভিনেত্রীদের হুমকি দেয় মাসুদ। সার্বিক বিষয়ে জানতে চাইলে, সিটিটিসি’র সাইবার ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ জানান, মূলত অসাবধানতাবশত ও সচেতনতার অভাবে হ্যাকিংয়ের শিকার হন অনেক মডেল-অভিনেত্রী। মাসুদ হ্যাক করা একাউন্ট ফিরে দিতে ১০ হাজার টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করত। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনের সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে। পুলিশের এই কর্মকর্তা বলেন, তারকাদের বন্ধু নির্বাচনে আরও সতর্ক হতে হবে। আর কোন ধরনের অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হলে, সাইবার ইউনিটের পরামর্শ নিতেও বলেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
