|
অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
|
![]() অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘এআই-পাওয়ার্ড ডিজিটাল সেফটি অ্যান্ড সিকিউরিটি’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) আয়োজনে দশম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৬-এর অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. সাদিয়া শারমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিশেষজ্ঞ এবং স্মার্ট ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হাসনাইন। মূল প্রবন্ধে রিয়াদ হাসনাইন দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে এআই প্রযুক্তি ব্যবহার করে আগেই ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে অগ্নি ও সাইবার নিরাপত্তাকে সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনা এবং এআইভিত্তিক নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়নে জাতীয় নির্দেশিকা প্রণয়নের প্রস্তাব দেন তিনি। রিয়াদ হাসনাইন তুলে ধরেন, বিদ্যমান সিসিটিভি ক্যামেরা, সেন্সর, বৈদ্যুতিক মিটার ও ফায়ার অ্যালার্মের সঙ্গে এআই প্রযুক্তি যুক্ত করে আগুন, ধোঁয়া, বৈদ্যুতিক যন্ত্রপাতির অতিরিক্ত তাপ এবং জরুরি বহির্গমন পথে প্রতিবন্ধকতা শনাক্ত করা সম্ভব। মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, এআই প্রযুক্তি মাত্র ০.০১৬ সেকেন্ডে আগুন বা ধোঁয়া শনাক্তের জন্য সিসিটিভি ক্যামেরার একটি ভিডিও ফ্রেম বিশ্লেষণ করতে পারে। ঝুঁকি শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠানো এবং ফায়ার সার্ভিসকে অবহিত করার ব্যবস্থাও রাখা যেতে পারে। সেমিনারের প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান, বিডিএসএএফের সাধারণ সম্পাদক ও ব্রেইন স্টেশন ২৩ পিএলসির সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান মুহিব্বুল মুক্তাদির তানিম, বিএনএনআরসির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান, ইসাব সভাপতি স্কোয়াড্রন লিডার (অব.) এম দিদারুল ইসলাম এবং ইউবিক করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামিউল ইসলাম। সেমিনার সঞ্চালনা করেন ইসাবের যুগ্ম মহাসচিব ও গ্রোথ টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম খান। উল্লেখ্য, ২৬ নভেম্বর শুরু হওয়া তিন দিনের এই প্রদর্শনীতে ২০টির বেশি দেশের শতাধিক ব্র্যান্ড অংশ নিয়েছে। প্রদর্শনীতে নিরাপত্তা প্রযুক্তি ও পণ্য প্রদর্শনের পাশাপাশি কারিগরি সেমিনার, ব্যবসায়িক বৈঠক এবং অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন রাখা হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
