দুর্গম পাহাড়েও উন্নয়নের সুফল পৌঁছে দিতে চাই: প্রতিমন্ত্রী মীর হেলাল
চাই সুই উ মারমা, রাঙামাটি
প্রকাশ: Saturday, 14 November, 2026, 11:22 AM
দুর্গম পাহাড়েও উন্নয়নের সুফল পৌঁছে দিতে চাই: প্রতিমন্ত্রী মীর হেলাল
উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চায় সরকার। পাহাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের উন্নয়ন নিশ্চিত করতে হলে সবার আগে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত হলে উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছাবে। আর উন্নয়নের এই ধারাবাহিকতাই পাহাড়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টায় রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মিতিঙ্গাছড়ি ব্রিজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের অনেক দিনের প্রত্যাশা রয়েছে উন্নত যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা। বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করছে। পাহাড়ের দুর্গম এলাকায় উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এ অঞ্চলের মানুষের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে পাহাড়ে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।
দুর্গম পাহাড়েও উন্নয়নের সুফল পৌঁছে দিতে চাই: প্রতিমন্ত্রী মীর হেলাল
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে নির্মিত মিতিঙ্গাছড়ি ব্রিজটি উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘব হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। ব্রিজটি চালু হওয়ায় এলাকার মানুষের যাতায়াত, পণ্য পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণে সুবিধা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ ও পাইচিমং মারমা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাঙামাটি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম এ মনছুর, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারামিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।