ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 12 November, 2026, 10:14 PM

আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ

আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ

চট্টগ্রামে রেঞ্জের রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে। একইসঙ্গে তার ব্যক্তিগত ও অফিসিয়াল মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশের প্রশাসনিক ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে তার ব্যক্তিগত ও অফিসিয়াল মোবাইল ফোন জব্দ করে এবং তাকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী।

তিনি বলেন, ‘পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রশাসনিক কিছু বিষয়ে অভিযোগ এসেছে। এজন্য তাকে ডেকে কিছু বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। পরে তার ব্যক্তিগত ও অফিসিয়াল মোবাইল ফোন জব্দ করা হয়। পাশাপাশি নজরদারিতে রেখে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি গুরুত্বের সঙ্গে অভিযোগগুলো তদন্ত করছে। বিষয়টি তদন্তাধীন থাকায় এ বিষয়ে আর কিছু বলা আমার উচিত হবে না।’

এরই মধ্যে এসপি জাহাঙ্গীরকে আটকের খবরও পুলিশ সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তবে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, ‘না না, তাকে আটক করা হয়নি।’ 

অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে ডাকা হয়েছিল। তবে এটিকে জিজ্ঞাসাবাদ বলা যাবে না। আবার আটকও বলা যাবে না। তার জব্দ করা দুটি ফোন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হবে। এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ সদর দফতর।’

চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় সূত্র জানায়, ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার ব্যক্তিগত ও অফিসিয়াল মোবাইল ফোন জব্দ করেন। প্রাথমিকভাবে তথ্য পাচারের প্রমাণ পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জাহাঙ্গীর আলমের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি সূত্র পাওয়ার পর তাকে ডাকা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি অফিস করছেন। তবে তাকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। এখনও তাকে আটক করা হয়নি। আটকের তথ্য সঠিক নয়।’

২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন জাহাঙ্গীর আলম। বর্তমানে চট্টগ্রামে আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত আছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ওই সময়েও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ রাখার অভিযোগ আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status