ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩
মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 12 November, 2026, 9:51 PM

মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি?

মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি?

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাক শ্রমিক ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তিন মাসব্যাপী এই কর্মসূচি চালানোর পরিকল্পনা রয়েছে খাদ্য মন্ত্রণালয়ের।

এ কর্মসূচি বাস্তবায়নের জন্য অর্থায়নের অনুরোধ জানিয়ে গত ১১ই নভেম্বর অর্থ বিভাগের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এতে সাড়ে চার হাজার টন চাল বরাদ্দের পাশাপাশি ট্রাক ভাড়া, পরিবহন খরচ এবং প্রশাসনিক ব্যয় মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থের চাহিদা জানানো হয়েছে।

তবে এই কর্মসূচির ভর্তুকির কোনো অংশ বহন করবেন না পোশাক কারখানার মালিকরা। পুরো অর্থই আসবে সরকারি কোষাগার থেকে, অর্থাৎ জনগণের করের টাকা থেকে।

এমন সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন। চলমান পরিস্থিতির চাপ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, জানতে চাইলে খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, খাদ্য মন্ত্রণালয় নিয়মিত ওএমএস কর্মসূচির পাশাপাশি বিভিন্ন পরিস্থিতিতে বিশেষ কর্মসূচিও পরিচালনা করে। বন্যা, হাওরাঞ্চলে ফসলহানি কিংবা বাজারে চালের দাম অস্বাভাবিক বেড়ে গেলে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। এটিও তেমন-ই।

ফলে, প্রশ্ন উঠছে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে সরকারি অর্থে ভর্তুকি দেওয়ার এই উদ্যোগ কি পরোক্ষভাবে মালিকপক্ষের ওপর মজুরি বাড়ানোর চাপ কমিয়ে দিচ্ছে?


সেখানে বলা হয়েছে, দেশের বাজারে খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্যপ্রাপ্তি সহজলভ্য করা এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় মূল্য সহায়তা দিতে সরকার নিয়মিতভাবে ভর্তুকিমূল্যে যে চাল ও আটা বিক্রি করে আসছে।


এরই ধারাবাহিকতায় তৈরি পোশাক শ্রমিকদের খাদ্যব্যয় কমাতে এবং সাশ্রয়ী মূল্যে চাল কেনার সুযোগ দিতে বিশেষ ওএমএস কর্মসূচি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ কার্যক্রমের আওতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ দশ কেজি চাল কিনতে পারবেন, প্রতি কেজি ৩০ ত্রিশ টাকা দরে।

প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এই কর্মসূচি চালানোর পরিকল্পনা রয়েছে।

চিঠি অনুযায়ী, পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন, অর্থাৎ প্রতি শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি হবে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন চাল হিসাবে মোট ৩৭৫মেট্রিক টন চাল শ্রমিকদের মধ্যে বিক্রি করার পরিকল্পনা রয়েছে।

প্রাথমিকভাবে তিন মাস এই কার্যক্রম চলবে।

চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমানে সরকারের কাছে পর্যাপ্ত চাল মজুদ রয়েছে। ফলে এই বিশেষ কর্মসূচির জন্য প্রয়োজনীয় চাল বিদ্যমান সরকারি মজুদ থেকেই সরবরাহ করা সম্ভব হবে।

তবে কর্মসূচি বাস্তবায়নে অতিরিক্ত সাড়ে চার হাজার মেট্রিক টন চালের সংস্থান এবং ট্রাক পরিচালনা, পরিবহনসহ অন্যান্য আনুষঙ্গিক ব্যয় মেটাতে ২০২৬-২৭ অর্থবছরের সংশ্লিষ্ট বাজেট খাতে অতিরিক্ত বা বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে অর্থ বিভাগের কাছে।


সরকারের কত টাকা ব্যয় হবে, শ্রমিকদের সাশ্রয় কত?

সারাদেশে আনুমানিক ২৮ লক্ষ পোশাক শ্রমিক রয়েছেন। তাদের জন্য কম দামে চাল বিক্রির সরকারি উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা।

তবে এই কর্মসূচির আওতায় আপাতত মোট কতজন শ্রমিক সুবিধা পাবেন, কীভাবে তাদেরকে নির্বাচন করা হবে, কোন কোন স্থানে চাল বিক্রি করা হবে এবং এই বাবদ সরকারকে কত টাকা ভর্তুকি গুণতে হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি ওই চিঠিতে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, "এখনও পর্যন্ত আমি যেটা জানি বা যতটুক জানানো হয়েছে আমাদেরকে, তা হলো- এখানে মালিক পক্ষ কোনো খরচ বহন করবে না। বাকিটা এখনও আসেনি আমাদের কাছে।"

এমনিতে বর্তমানে বাজারে চালের বর্তমান মূল্য প্রায় ৫০ টাকা থেকে ৭০ টাকার আশেপাশে।

সেক্ষেত্রে সরকারকে এই বাবদ কত টাকা ভর্তুকি দিতে হবে, তা নির্ভর করছে কোন মানের চাল শ্রমিকদের কাছে বিক্রি করা হচ্ছে, তার ওপর।

ধরা যাক, সরকার যদি ৫০ টাকা কেজি দরের মূল্যের চাল ৩০ টাকায় বিক্রি করে, তাহলে একজন শ্রমিকের কেজিপ্রতি প্রায় ২০ টাকা করে ২০০ টাকা সাশ্রয় হবে।

তবে এই সাশ্রয়ে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কতটা কমবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বেসরকারি গবেষণা সংস্থা নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বিবিসি বাংলাকে বলেন, এই সামান্য সাশ্রয় শ্রমিকদের সামগ্রিক জীবনযাত্রার ব্যয় কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে না।

কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "প্রথমত, এটি সারা বছরের জন্য নয়। অথচ শ্রমিকদের খাদ্যব্যয় সারা বছরই রয়েছে। দ্বিতীয়ত, চাল ছাড়াও তাদের আরও অনেক ধরনের খাদ্যব্যয় রয়েছে, যেগুলো এই কর্মসূচিতে বিবেচনা করা হচ্ছে না।

তিনিএ-ও বলেন, বর্তমানে পোশাকশ্রমিকদের খাদ্যব্যয়ের তুলনায় খাদ্যবহির্ভূত ব্যয় বেশি। বিশেষ করে যাতায়াত, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও কল্যাণের মতো খাতে শ্রমিকদের উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়।"

এ সময় তিনি চালের মান নিয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

তার ভাষ্য, অতীতে এ ধরনের কর্মসূচিতে নিম্নমানের চাল দেওয়ার কারণে অনেক শ্রমিক তা কিনতে চাননি। সরকার ভালো উদ্দেশ্যে উদ্যোগটি নিচ্ছে, সেটি যেন ভালোভাবে বাস্তবায়িত হয়। শ্রমিকদের যেন নিম্নমানের চাল দেওয়া না হয়।


'মজুরি শ্রমিকের অধিকার, ভর্তুকি মানবিক সহায়তা'

অর্থনীতিবিদরা মনে করেন, সরকার তার কোষাগারের টাকা দিয়ে বিভিন্ন নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য নিয়মিত সামাজিক সুরক্ষা কর্মসূচি পরিচালনা করে। পোশাক শ্রমিকদের জন্য এই বিশেষ ওএমএস কর্মসূচিকেও সেই দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। সেইসাথে, এটিকে কোনোভাবেই শ্রমিকদের মজুরি নির্ধারণের সঙ্গে সম্পর্কিত করা উচিত নয়।

ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম  বলেন, "সরকার সাময়িক উদ্যোগ হিসেবে তিন মাসের জন্য ৩০ টাকা দরে চাল দিতে চায়। এটি ইতিবাচক রাজনৈতিক উদ্যোগ।"

"সরকার অন্যান্য নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাক সেল, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি ও রেশনের ব্যবস্থা করছে। পোশাকশ্রমিকরাও একটি নিম্ন আয়ের জনগোষ্ঠী। তাদের জন্য একই ধরনের উদ্যোগ নেওয়া ইতিবাচক। কিন্তু এটি শ্রমিকদের মজুরির বিকল্প নয়।"

"মজুরি কোনো মানবিক দাবি নয়, এটি শ্রমিকের আইনগত অধিকার। আর সামাজিক সুরক্ষা হচ্ছে সরকারের মানবিক সহায়তা। এই দু'টি বিষয়কে আলাদাভাবে দেখতে হবে," বলেন তিনি।

"শ্রমিক কাজ করছেন, বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আনছেন। তাকে তার উৎপাদনশীলতা অনুযায়ী মজুরি দিতে হবে। আমরা তো তাকে উৎপাদনশীলতা অনুযায়ী মজুরি দিচ্ছি না।"

গত কিছুদিন ধরে মজুরি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনকে ন্যায্য হিসেবে দেখছেন তিনি। কারণ আইনে তিন বছর পর পর মজুরি পুনর্নির্ধারণের কথা রয়েছে।

তিনি এ-ও মনে করেন, বিদ্যমান মজুরি কাঠামোয় অনেক অসংগতি ও অসম্পূর্ণতা রয়েছে। গুরুত্বপূর্ণ অনেক ব্যয়ের খাত সেখানে অনুপস্থিত। সেগুলো বিবেচনায় না নিয়ে শুধু কম দামে চাল দেওয়ার উদ্যোগকে মজুরি কাঠামোর অংশ হিসেবে দেখানোটা বিভ্রান্তিকর হবে।

আরেকটি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানও মনে করেন, এই উদ্যোগ শ্রমিকদের সাময়িক স্বস্তি দিতে পারে। তবে মজুরি বাড়ানোর চাপ কমার কারণ নেই।

"এটা তো তিন মাসের জন্য দেওয়া হবে। আর মজুরি নির্ধারণ হবে তিন বছরের জন্য। সুতরাং, এটাকে সেভাবে দেখার কোনো সুযোগই নেই," বিবিসি বাংলাকে বলেন তিনি।

তার মতে, মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের আলোচনায় কিছুটা সময় লাগবে। এর মধ্যে মূল্যস্ফীতির চাপে থাকা শ্রমিকদের সাময়িক সহায়তা দিতে পারে সরকারের এই সিদ্ধান্ত।

তবে সরকার যদি দীর্ঘ মেয়াদে শ্রমিকদের জন্য রেশনিং-এর মতো সহায়তার ব্যবস্থা করে, তখন সেটি মজুরি নির্ধারণের আলোচনায় বিবেচ্য হতে পারে বলে মনে করেন তিনি।
সম্প্রতি সাভারে পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছে শ্রমিকরা


চাল কিনতে গিয়ে নতুন ভোগান্তি?

কম দামে চাল বিক্রির এই কর্মসূচির বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন গোলাম মোয়াজ্জেম।

তার মতে, পোশাকশ্রমিকদের অনেকেই সকাল থেকে রাত পর্যন্ত কারখানায় কাজ করেন। এরপর বাসায় ফিরে রান্না ও সংসারের অন্যান্য কাজ করতে হয়। এমন পরিস্থিতিতে নির্দিষ্ট স্থানে গিয়ে লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করাটা তাদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হতে পারে।

আর মাত্র ৭৫টি ট্রাকের মাধ্যমে বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে থাকা বিপুলসংখ্যক শ্রমিকের কাছে চাল পৌঁছানো কতটা সম্ভব, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

তিনি মনে করেন, কারখানা পর্যায়ে চাল বিতরণের ব্যবস্থা থাকলে শ্রমিকদের সুবিধা হতো।

তবে খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ প্রসঙ্গে জানান, পোশাক শ্রমিকদের যাতায়াতের কথা বিবেচনা করেই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে চাল বিক্রির সিদ্ধান্ত হয়েছে। কারণ কারখানা খোলা থাকলে শ্রমিকদের পক্ষে লাইনে দাঁড়িয়ে চাল কেনার সময় বের করাটা কঠিন।

যদিও চাল কোথায় বিক্রি করা হবে, তা বলতে পারেননি তিনি।

তবে তিনি জানিয়েছেন, ২০শে নভেম্বর থেকে এটি চালুর কথা থাকলেও এর আগেও হতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status