|
কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, নিরাপদে নামিয়ে আনা হলো পর্যটকদের
নতুন সময় প্রতিনিধি
|
![]() কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, নিরাপদে নামিয়ে আনা হলো পর্যটকদের বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কলাতলী এলাকায় ‘কক্স অ্যাম্বাসেডর’ হোটেলের আটতলার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। হোটেলটির আটতলার ওই কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সময় হোটেলটিতে শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে হোটেলের অতিথিদের পাশাপাশি আশপাশের হোটেলের পর্যটক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তায় নেমে আসেন। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই হোটেলটিতে অবস্থানরত শতাধিক পর্যটককে নিরাপদে বের করে আনা হয়। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ‘হোটেলটির আটতলার একটি কক্ষে এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন। পর্যটকদের দ্রুত নিচে নামিয়ে আনা হয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ সাম্প্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে। সর্বশেষ গত মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। এতে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি দুই তলাবিশিষ্ট টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন। ভোরে রিসোর্টের পর্যটকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। কক্সবাজারে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল-মোটেল ও পর্যটন স্থাপনাগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পর্যটন মৌসুমে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন পর্যটকরা।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি
শতভাগ পাস, টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
খাগড়াছড়ি সদর হাসপাতালের রাস্তার কাজ দ্রুত সম্পন্ন, স্বস্তি রোগী-স্বজনদের
